দলিলসহ নামায
بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم
দেশের বিভিন্ন স্থানে সফরে গিয়ে স্থানীয় আলেমগণের মুখে একটি অভিযোগ বরাবরই শুনতে পেয়েছি। আর তা হলো কিছু কিছু লা-মাযহাবী আলেম এই বলে ফেৎনা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে যে, নামাযের কিছু কিছু মাস‘আলায় হানাফীদের কোন হাদীস বা কোন দলিল প্রমাণ নেই। সর্বশেষ গত ১৪/১/১১ ইং তারিখে কুষ্টিয়ার কুমারখালীতে একটি প্রোগ্রামে গিয়ে একই অভিযোগ শুনতে পেলাম। নিয়ত করলাম ঢাকায় ফিরে এ বিষয়ে কলম ধরবো ইনশাআল্লাহ।
আল্লাহ তা‘আলার তৌফিকে নিয়ত অনুযায়ী কাজ শুরু করলাম। শিক্ষকতার ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিছু কিছু করে লিখতে লাগলাম। প্রায় মাসখানেকের মধ্যেই লেখার কাজ সমাপ্ত হলো। সহজ-সরলভাবে উদ্ধৃতিসহ মূল হাদীস ও তার অনুবাদ তুলে ধরা হয়েছে। অধিকাংশ হাদীসের মানও উল্লেখ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সনদ বা সূত্রের চুল-চেরা বিশ্লেষণ প্রয়োজন মনে করা হয়নি। তাদের পদক্ষেপ দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ইচ্ছা রইলো। প্রবাদ আছে, ‘দোস্ত বাকী তো মোলাকাত ভী বাকী’- বন্ধু থাকলে সাক্ষাতও ঘটতে থাকবে।
দু’টি বিষয় লিখে দিয়ে আমাকে সহযোগিতা করেছে দু’জন তরুণ মেধাবী ও উদ্যমী আলেম মাওলানা তাহমীদুল মাওলা (বেতেরের মাস‘আলা) ও মাওলানা শিব্বীর আহমদ (জানাযার মাস‘আলা)। দু’জনই আমার ছাত্র ও বর্তমানে সহকর্মী। আল্লাহ তা‘আলা তাদের ইলমে আরো বরকত দান করুন।
গ্রন্থের শেষে আরো দু’টি প্রবন্ধ যোগ করার প্রয়োজন অনুভব করেছি। একটি হলো, মহিলাদের নামাযের পদ্ধতি। এটি লিখেছেন, উপমাহাদেশের খ্যাতিমান হাদীস গবেষক, বাংলাদেশের গর্ব, মারকাযুদ দাওয়া আল ইসলামিয়ার হাদীস বিভাগের প্রধান হযরত মাওলানা আব্দুল মালেক দামাত বারকাতুহুম। এটি সর্বপ্রথম মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছিল। অপরটি উমরী কাযা আদায় সম্পর্কে। এটি লিখেছেন আমার স্নেহাষ্পদ মেধাবী ও উদ্যমী আলেম মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ, সহকারী সম্পাদক, মাসিক আল-কাউসার। প্রবন্ধকারদ্বয়ের অনুমতিক্রমে ঈষৎ সংক্ষিপ্ত আকারে প্রবন্ধ দু’টি এখানে পেশ করা হয়েছে। আল্লাহ তা‘আলা তাদেরকে উত্তম জাযা দিন।
এখানে একটি কথা সকলকে স্পষ্ট বলে দিতে চাই যে, পূর্বসূরিগণ তথা সাহাবা ও তাবেয়ীগণের যুগ থেকে চলে আসা এ ধরণের বিরোধপূর্ণ মাসাইল নিয়ে কাদা ছোড়াছুড়ি করা আমাদের নীতিবিরুদ্ধ। উম্মত আজ হাজারো সমস্যার সম্মুখীন। কুফরী শক্তি একজোট হয়ে আজ উম্মতে মুহাম্মদীর উপর হিংস্র থাবা বিস্তার করছে। মুসলমানদের ঈমান আমল লুট করতে আজ হাজারো লুটেরা বাহিনী নিরলস অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের উচিৎ একতাবদ্ধ হয়ে সেসব ষড়যন্ত্রের মোকাবেলা করা। সুতরাং আমাদের নীরবতার সুযোগ নিয়ে কেউ যেন পানি ঘোলা না করেন, সে অনুরোধ রেখেই এই সংক্ষিপ্ত ভূমিকার ইতি টানছি।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমীন।
আব্দুল মতিন