মসজিদের মধ্যে মাদরাসা করা
Question
কোন মসজিদকে স্থায়ীভবে মাদরাসার ছাত্রাবাস বানিয়ে নেয়া জায়েয আছে কি? যেমন, তিনতলা একটি মসজিদের নীচতলায় নামায হয় আর দ্বিতীয় ও তৃতীয় তলায় হিফজখানা খোলা হয়েছে। প্রায় এক/দেড়শ ছাত্র সেখানে স্থায়ীভাবে থাকে এবং তাদের খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব সেখানেই হয়। এভাবে মসজিদকে ছাত্রাবাস বানানো জায়েয হবে কি?
Answer
কোন মসজিদকে স্থায়ীভাবে মাদরাসার ছাত্রাবাস বানিয়ে নেয়া জায়েয নেই। শরী‘আতের দৃষ্টিতে মসজিদের সব তলার একই হুকুম। সুতরাং দ্বিতীয় এবং তৃতীয় তলাও মসজিদ হওয়ার কারণে সেখানে স্থায়ীভাবে ছাত্রাবাস বানিয়ে নেয়া জায়েয হবে না। অবশ্য কোথাও যদি এমন হয় যে, মাদরাসার ছাত্রদের জায়গা সংকুলান হয় না এবং মাদরাসা কর্তৃপক্ষ মাদরাসার নিজস্ব ঘরের ফিকির করছে, এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে জায়গার ব্যবস্থা না হওয়ার কারণে ছাত্রদের পড়াশুনার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে বড় এবং বুঝমান ছেলেদের পড়াশুনা ও থাকার জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে মসজিদ ব্যবহার করার অবকাশ আছে। উত্তম হল, সেক্ষেত্রেও নফল ইতিকাফের নিয়তে অবস্থান করা আর যথাসম্ভব তাড়াতাড়ি অন্য কোথাও জায়গার বন্দোবস্ত করে ছাত্রদেরকে সেখান থেকে সরিয়ে নেয়া চাই। আজকাল বিভিন্ন মসজিদ হিফজখানা ও ইয়াতিমখানা চালু করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কমিটির লোকজন মসজিদে একটা মাদরাসা খোলাকে খুব সাওয়াবের কাজ মনে করে তোড়জোড় শুরু করে দেয়। এভাবে বিভিন্ন মসজিদে বছরের পর বছর আবাসিক হিফজ খানা চালু করা হয়েছে। খুব ভাল করে মনে রাখতে হবে যে, এতে সাওয়াবের পরিবর্তে উল্টো গুনাহ হবে। মাদরাসা যদি করতে হয় তাহলে পাশে কোন ঘর ভাড়া নিয়ে সেখানে করা যেতে পারে। তাই বলে মসজিদের বেহুরমতি করার অধিকার কাউকে দেয়া হয় নি। (আল বাহরুর রায়িক ২/৫৯; ফাতওয়ায়ে রহীমিয়া ৯/১৯৯)