বিদ‘আতী ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করা

Question

কোন লোক যদি মাযারে গিয়ে সিজদা করে এবং বলে যে, আমি মাযারে যাওয়ার কারণে আমার সন্তান হয়েছে এবং আমি সুখে আছি। তাকে ঐ মাযারে যাওয়া থেকে নিষেধ করা সত্ত্বেও মানে না। পিতা কর্তৃক এখন তাকে সম্পত্তি না দিলে গুনাহ হবে কি না? তার সাথে সম্পর্ক ছিন্ন করলে গুনাহ হবে কি না?

Answer

যদি কোন সন্তান শরী‘আত বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে এবং বদদ্বীন হয়ে যায়; তাকে অনেক বুঝানোর পরও উক্ত কাজ থেকে ফিরিয়ে রাখতে ব্যর্থ হয়, তাহলে তাকে সম্পত্তি থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা বা শুধু খাওয়া পরা চলে এতটুকু পরিমাণ দেওয়া জায়িয আছে। উক্ত সন্তানের ঐ কাজ থেকে ফিরে আসা পর্যন্ত কথাবার্তাও বন্ধ রাখতে পারবে। এটা শরী‘আতে নিষেধ নয়, বরং খাঁটি ঈমানের দাবী। হাদীসে যে কথাবার্তা বন্ধ করতে নিষেধ করা হয়েছে, তার অর্থ দুনিয়াবী কোন কারণে মনোমালিন্য রাখা নাজায়িয। কিন্তু এখানে তো দুনিয়াবী কারণ নয়, বরং আল্লাহর মহব্বতের দাবীতে কথা বন্ধ রাখা বা সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। হাদীসেও সাহাবীগণ রা. থেকে এরূপ বর্ণনা পাওয়া যায়। [প্রমাণঃ ফাতাওয়া আব্দুল হাই ৩;৯ #এলাউস সূনান ১৬:৯১, #আল বাহ রুর রায়িক্ব ৭:২৮৮]