Masail
100%

পেশাব করার পর কুলুখ ব্যবহার করে হাটা

Question

যদি পেশাব করার পর কুলুখ ব্যবহার করে হাটতে হয় তাহলে পায়খানা করার সময়ওতো প্রস্রাব হয় সে ক্ষেত্রে কুলুখ ব্যবহারের নিয়ম কি হবে?

Answer

সবার জন্য ‘পেশাব করার পর কুলুখ ব্যবহার করে হাটতে হয়’ আপনার এ ধারণাটি ভুল। যাদের পেশাব শেষ করার পরও বেশ কিছুক্ষণ ফোটা ফোটা পেশাব ঝরে, তারা পরিপূর্ণ পবিত্রতার জন্য কুলুখ নিয়ে একটু হাটাহাটি করে থাকে। যাতে করে ফোটা ফোটা পেশাব নালি থেকে বের হয়ে পড়ে। এটা সবার জন্য আবশ্যকীয় কোন বিষয় নয়। তবে পেশাবের ফোটা থেকে পবিত্র থাকা আবশ্যক। কারণ, পেশাবের ফোটা বিষয়ে হাদীসে কঠিন হুশিয়ারী আসছে। যেমন:

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সা. দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আযাব হচ্ছে না। একজনের কবরে আযাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে পবিত্র হতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}

عَنْ عِيسَى بْنِ يَزْدَادَ الْيَمَانِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلَاثَ مَرَّاتٍ

হযরত ঈসাব বিন ইয়াযদাদ আলইয়ামানী তার পিতা থেকে বর্ণনা করেন। রাসূল সা. ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ পেশাব করে, তখন সে যেন তার লজ্জাস্থানকে তিনবার ঝেড়ে নেয় বা পবিত্র করে নেয়। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৬}

বয়স বাড়ার সাথে সাথে পেশাব শুধুমাত্র বসে করার দ্বারাই সম্পূর্ণ হয়ে যায় না। বরং কিছু পেশাব ফোটা ফোটায় পেশাবের রাস্তায় থেকে যায়। যা দাঁড়ালে বা এক হেলে গেলে বেরিয়ে আসে। আর পেশাবের ছিটা থেকে ও ফোটা থেকে নিজেকে আত্মরক্ষা না করলে অধিকাংশ মানুষের কবরে আযাব হয়ে থাকে। এ কারণে পেশাব শেষে কুলুখ নিয়ে একটু দাঁড়ানো এবং একটু হাটাহাটি করা হয়ে থাকে। পায়খানা করার সময় যেহেতু দীর্ঘ সময় বসে থাকা হয়, তাই সাধারণত পেশাবের ফোটা পরিপূর্ণ বেরিয়ে আসার সুযোগ পায়। যদি কারো পায়খানায় বসে থাকার পরও পেশাবের ফোটা বন্ধ না হয়, তাহলে তার উচিত পেশাবের স্থানে তিনবার পানি ছিটিয়ে নেয়া। যদিও এরপরও কারো পেশাব ঝরে, তাহলে তার উচিত তখনো কুলুখ ব্যবহার করে পেশাবের ফোটা বন্ধ করা।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي أَهْلِ قُبَاءَ: {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ} [التوبة: 108] فَسَأَلَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّا نُتْبِعُ الْحِجَارَةَ الْمَاءَ.

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, কুবাবাসীর শানে এ আয়াতে কারীমা যখন নাজিল হল, সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন। [সূরা তাওবা-১০৮] তখন রাসূল সা তাদের [এ মর্তবা পাবার কারণ] জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন, আমরা ঢিলার সাথে সাথে পানি ব্যবহার করি। [মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৪৭]