মৃত ব্যক্তির অঙ্গ–প্রত্যঙ্গ কাটা-ছিড়ার বিধান

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 4, 2026বান্দার হক, বিবিধ, কাফন দাফন জানাযা কবর যিয়ারত

Question

একজন মেডিকেল পড়ুয়াকে মৃত ব্যক্তির লাশ কেটে পড়াশুনা করতে হয়। কিন্তু আবূ দাউদ শরীফের একটি হাদীসে উল্লেখিত আছে যে, মৃত ব্যক্তির হাড় ভেঙ্গে দেয়া জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতই অপরাধ। সুতরাং, ইসলামের দৃষ্টিতে বর্তমান মেডিকেল সায়েন্স পড়া জায়িয হবে কি?

Answer

মানুষ মৃত্যুবরণ করার পর তার লাশ শরী‘আতের দৃষ্টিতে অত্যন্ত সম্মানের পাত্র। সুতরাং, সেটাকে কাটা-ছিড়া বা তার উপর কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা চালানো শরী‘আতের দৃষ্টিতে সম্পূর্ন নাজায়িয। চাই সেই লাশ বা অঙ্গ ক্রয় করা হোক অথবা বিনামূল্যে প্রাপ্ত হোক। অনুরূপভাবে মুসলিম-অমুসলিম সকল লাশের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার জন্য এর বিকল্প কোন পন্থা খুজে বের করা উচিত। মেডিকেল পড়াশুনায় শরী‘আতের দৃষ্টিতে কোন অসুবিধা নেই বটে, তবে এসব হারাম কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সরকার যেন এ পদ্ধতি পরিবর্তন করেন সেজন্য শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে অথবা অন্য কোনভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। বিকল্প কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমানে যে পন্থায় শিক্ষা দেয়া হচ্ছে, সেভাবেই শিক্ষা গ্রহণ করতে থাকবে। একান্ত অপারগতার ক্ষেত্রে হাজার হাজার মানুষের জান বাঁচানোর জন্য এরূপ করলে আশা করা যায় যে, আল্লাহ তা‘আলা মাফ করবেন। তবে দায়িত্বশীলদের জন্য বিকল্প পদ্ধতি বের করার চেষ্টা-তদবীর করা জরুরী। যাতে লাশের বেহুরমতী না হয়; আবার শিক্ষার্থীদের অভিজ্ঞতার প্রয়োজনও পূর্ন হয়। [জাওয়াহিরুল ফাতাওয়া ১:৩৫৯; নিযামুল ফাতাওয়া: ১:৪৫৬; জাওয়াহিরুল ফিকহ: ২:২৫]