মসজিদে দুনিয়াবী কথা বার্তা বলার গুনাহ
Question
মসজিদে দুনিয়াবী কথা বার্তা নেকীকে এমনভাবে খতম করে দেয় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ভষ্ম করে। এটি কী কোন হাদীস?
Answer
অনেকেই এই কথাটিকে নবীজীর হাদীস হিসেবে বর্ণনা করলেও এটি কিন্তু নবীজী ﷺ থেকে বর্ণিত কোন হাদীস নয়। বিশিষ্ট হাদীস বিশারদ আল্লামা সাফফারিনী রহ. বলেন, এটি মিথ্যা ও ভিত্তিহীন কথা। (গিযাউল আলবাব -২/২৫৭)
হাফেজ ইরাকী রহ. বলেন, আমি এর কোন ভিত্তি খুঁজে পাই নি। আল্লামা যাবীদী রহ. হাদীসটির ব্যাপারে হাফেজ ইরাকীর এই অভিমতকে সমর্থন করেছেন। (ইতহাফু সাদাতিল মুত্তাকীন ৩/৩)
এখানে মনে রাখা দরকার যে, আল্লাহর ঘর মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান। মসজিদের ভিত্তিই হল নামাযের জন্য এবং যিকির তালীম সহ অন্যান্য ইবাদতের জন্য। একে দুনিয়াবী কথাবার্তা ও কাজ কর্মের স্থান বানানো অথবা এই উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়া হারাম। তবে কোন দীনী কাজের উদ্দেশ্যে অথবা নামাযের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পরে প্রসঙ্গক্রমে দুনিয়াবী কোন বৈধ কথাবার্তা বলা জায়িয। এই জায়েয হওয়া রাসূলুল্লাহ ﷺ এবং তাঁর সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। (বুখারী শরীফ ১/৬৩)
বিনা প্রয়োজনে মসজিদে দুনিয়াবী কথা বলা, গল্প-গুজব করা, ক্রয়-বিক্রয় ইত্যাদি কর্মকান্ডের উপর বিভিন্ন হাদীসে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। আমরা সেগুলিকে বয়ান করতে পারি। তাই বলে জাল বা বানোয়াট হাদীস বর্ণনা করে গুনাহগার হওয়ার দরকার কি?
সুতরাং হাদীস বর্ণনার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।