কোটি গুন সাওয়াব সম্পর্কে
Question
অনেক ভণ্ড পীরের মুরিদরা বলে যে, তাবলীগ জামাতের সাথীরা ফজীলতের কথা বয়ান করে। যেমন ১ টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে সাত লক্ষ টাকা খরচ করার সমান সাওয়াব পাওয়া যায় এবং ১ বার সুবহানাল্লাহ পড়লে ৪৯ কোটি বার সুবহানাল্লাহ পড়ার সমান সাওয়াব পাওয়া যায়। এসব নাকি মিথ্যা। এ সম্পর্কে বিস্তারিতভাবে সঠিক প্রমান দিয়ে দেখাবেন। অনেকের উপকার হবে।
Answer
আল্লাহর রাস্তায় বের হয়ে একবার সুবহানাল্লাহ ও এক টাকা খরচ করার ব্যাপারে উক্ত ফজীলতের কথা হাদীসের বর্ণনা দ্বারাই প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করল, অথচ সে নিজে আল্লাহর রাস্তায় বের হল না, সে তার ব্যয়কৃত এক দেরহামের পরিবর্তে সাতশত দিরহামের সাওয়াব পাবে। আর যে নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জন্য উক্ত টাকা ব্যয় করবে, সে এক টাকায় সাত লক্ষ টাকা সদকা করার সওয়াব পাবে। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তিলাওয়াত করেন যার অর্থ আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন, তাকে আরো বাড়িয়ে দিবেন। [ইবনে মাজাহ ১৯৮]
হাদীস দ্বারা বুঝা গেল যে, আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জন্য মাল খরচ করলে সাত লক্ষ গুন সাওয়াব পাওয়া যায়। অন্য এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় বের হয়ে আদায়কৃত নামায, রোযা, জিকির ইত্যাদির সাওয়াব আল্লাহর রাস্তায় মাল ব্যয় করার সাওয়াবের চেয়ে সাতশত গুন বৃদ্ধি করে দেওয়া হয়। (মুসনাদে আহমদ ৩:৪৪০) সুতরাং, সাত লক্ষকে সাতশত দ্বারা গুন করলে ঊনপঞ্চাশ কোটি হয় (৭০০০০০X৭০০=৪৯০০০০,০০০)।
উপরোল্লিখিত হাদীসগুলো যদিও ফাযায়েলে জিহাদে বর্ণনা করা হয়েছে তথাপিও এই হাদীসগুলো দাওয়াতও তাবলীগের ক্ষেত্রে এবং এ ধরনের অন্যান্য সহীহ দ্বীনী খিদমতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেননা, জিহাদ করার যে মূল উদ্দেশ্য তার সাথে দাওয়াতও তাবলীগের পুরোপুরি সামঞ্জস্যতা রয়েছে বিধায় তার জন্যও এ হাদীস ব্যবহার করা যাবে। বস্তুত জিহাদকে ফরয করা হয়েছে আল্লাহর দ্বীন প্রচার ও প্রসারে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আর সেই মূল লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই দাওয়াত ও তাবলীগের কাজ করে যাচ্ছে। খোদার দ্বীন প্রচার ও প্রসার করছে। তাই হক্কানী উলামায়ে কিরামগন এ মর্মে একমত পোষণ করেছেন যে, দাওয়াতও তাবলীগের ক্ষেত্রে এবং এ ধরনের অন্যান্য দ্বীনী দাওয়াত ও তা’লীমের ক্ষেত্রেও জিহাদের ফযীলতপূর্ন হাদীসগুলো বর্ণনা করা যাবে। এতে কোন প্রকার আপত্তি নেই। যেমন, ইমাম বুখারী রহ. স্বীয় কিতাবে কিতাবুল জিহাদের হাদীস দ্বারা জুমু’আর নামাযে কষ্ট করে হাজির হওয়ার ফযীলত প্রমাণ করেছেন।
[বুখারী শরীফ ১:১২৪, আবু দাউদ ১:৩৩৮, ইবনে মাজা ১৯৮, তিরমিযী ১:২৯২, মুসনাদে আহমদ ৩:৪৪০, মিশকাত ১:৩৪, মিরকাত ১:২৮৫, তুফফাতুল আহওযাজি ৫:২০৯, খাইরুল ফাতাওয়া ১:৩৭১, তারগীব ওয়াত তারহীবঃ ২:২৫৩]
عن على وأبي الدرداء وابي هريرة رضى الله عنهم اجمعين كلهم يحدثون عن رسول الله صلى الله عليه وسلم من ارسل نفقة في سبيل الله واقام في بيته فله بكل درهم سبع مائة درهم ومن غزا بنفسه في سبيل الله وانفق في وجهه ذلك فله بكل درهم سبع مائة الف درهم ثم تلا هذه الاية والله يضاعف لمن يشاء ...... رواه ابن ماجة ۱۹۸
عن معاذ رض قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصلاة والصيام والذكر يضاعف على النفقة في سبيل الله عز و جل سبع مائة ضعف . رواه ابو داؤد ٢٦٢