Masail
100%

মসজিদ কমিটি কেমন হওয়া উচিৎ

Question

(ক) কোন মসজিদ অথবা দ্বীনী প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শরী‘আত সম্মত কমিটি কেমন হওয়া উচিত? অনেক মসজিদে দেখা যায় কমিটি বাছাইয়ের জন্য পাশ্চাত্য ধাঁচের নির্বাচন পদ্ধতি অবলম্বন করা হয় এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে পরিচালনা পরিষদ গঠন করা হয়। শরী‘আতের আলোকে এর গ্রহণযোগ্যতা কতটুকু?

(খ) নিয়মিত নামায পড়ে না, জামা‘আতের পাবন্দী করে না, এমন ব্যক্তিকে মসজিদ পরিচালনার দায়িত্বে বহাল রাখা জায়েয আছে কি?

(গ) মসজিদ সংক্রান্ত কোন বিষয়ে চূড়ান্ত ফায়সালা প্রদানের ক্ষমতা কার? প্রধান উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারী, না কি সংখ্যা গরিষ্ঠের।

(ঘ) ইমাম সাহেবকে মসজিদ কমিটির অধীনস্ত কর্মচারী মনে করা সমীচিন হবে কি?

Answer

(ক) মসজিদ অথবা যে কোন দ্বীনী প্রতিষ্ঠানের পরিচালক দ্বীনদার, আমানতদার, শরী‘আতের পাবন্দ, আল্লাহ ভীরু এবং পরিচালনার যোগ্যতা সম্পন্ন হওয়া জরুরী। ফাসেক, খেয়ানতকারী এবং শরী‘আত পরিপন্থি চাল-চলনে অভ্যস্ত কোন ব্যক্তিকে মসজিদ বা কোন দ্বীনী প্রতিষ্ঠানের পরিচালক বানানো জায়েয নেই।

অনুরূপভাবে মসজিদের কমিটি নির্বাচনের ক্ষেত্রে পাশ্চাত্য পদ্ধতি অনুসরণ করা তথা শরী‘আতের দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন লোক থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে পরিচালনা পরিষদ তৈরী করা এবং অযোগ্য বেনামাযী লোককে পরিচালক নিযুক্ত করা জায়েয নেই।

বলা-বাহুল্য মানুষের মধ্যে দ্বীনী ইলম না থাকার দরুন প্রভাব-প্রতিপত্তি  ও অর্থ সম্পদের দিকে খেয়াল করে সংখ্যাগরিষ্ঠ মুসল্লীরা অনেক সময় অযোগ্য ব্যক্তির দিকে যাওয়া অসম্ভব নয়। তাই সেরূপ নির্বাচন পদ্ধতি পরিহার করে এলাকার বা আশ-পাশের আলেম-উলামা ও দ্বীনদার লোকদের পরামর্শ অনুযায়ী কমিটি গঠন করতে হবে।

(খ) যে ব্যক্তি নিয়মিত নামায আদায় করে না, শরঈ উযর ব্যতীত নামায কাজা করে অথবা প্রায়ই জামা‘আত তরক করে এমন ব্যক্তি ফাসেক বলে গণ্য হবে। আর ফাসেক ব্যক্তিকে মসজিদের পরিচালক বানানো নাজায়িয।

(গ) মসজিদ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত ফায়সালা প্রদানের অধিকারী সভাপতি অথবা মুতাওয়াল্লী। যোগ্যতার ভিত্তিতে যিনি সভাপতি কিংবা মুতাওয়াল্লী নির্বাচিত হয়েছেন, তিনি উপস্থিত সকলের পরামর্শক্রমে প্রতিষ্ঠানের জন্য যেটা অধিক কল্যাণকর মনে করেন সেই অনুপাতেই ফায়সালা প্রদান করবেন। চাই সেটা অধিকাংশ সদস্যের প্রস্তাব হোক বা স্বল্প সংখ্যক সদস্যের প্রস্তাব হোক। কিংবা সম্পূর্ণ নতুন মত হোক। পাশ্চাত্য গণতন্ত্রের ন্যায় অধিকাংশের প্রস্তাব বা ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ইসলামী শরী‘আতে জরুরী নয়। বরং চূড়ান্ত ফায়সালা মুতাওয়াল্লী বা সভাপতির স্বাধীন রায়ের উপর নির্ভরশীল। তিনি মুনাসিব মত ফায়সালা দিবেন। শরী‘আতের খেলাফ না হলে সেটা গ্রহণ করা সংশ্লিষ্ট সকলের জন্য জরুরী।

তবে কোন বিষয় যদি এমন হয় যে, উভয় পক্ষের নিকটই মজবুত যুক্তি ও প্রমাণ আছে এবং উভয় পক্ষের দাবীর মধ্য হতে কোনটিই প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর নয়, তাহলে এমন ক্ষেত্রে সভাপতির জন্য অধিকাংশের রায়ের ভিত্তিতে ফায়সালা প্রদান করা উত্তম। উল্লেখ্য যে, শরী‘আতের দৃষ্টিতে "কোরাম" কোন বিষয় নয়। সুতরাং যারা মিটিংএ উপস্থিত হবেন তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিছু লোকের অনুপস্থিতির কারণে অযথা কষ্ট করে ও সময় অপচয় করে যারা উপস্থিত হয়েছেন তাদের শ্রম ও মেহনত ব্যর্থ হতে পারে না। আর যারা উপস্থিত হতে পারেনি, প্রয়োজনে এ সিদ্ধান্তের ব্যাপারে পরবর্তীতে তারা নিজেদের মতামত ব্যক্ত করতে পারবেন।

সভাপতির অনুমোদনের সময় তাদের কথা গ্রহণযোগ্য হলে তা বিবেচনায় রেখে চূড়ান্ত ফায়সালা প্রদান করবেন।

(ঘ) ইমাম সাহেবকে কর্মচারী মনে করে তার সাথে নিজেদের কর্মচারীর ন্যায় আচরণ করা জায়েয নেই। কারণ তিনি রাসূলুল্লাহ ﷺ এর ওয়ারিস। তাকে সম্মান প্রদর্শন করা ঈমানের অঙ্গ। শরঈ কোন কারণ ছাড়া তাকে হেয় প্রতিপন্ন করা ঈমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। (ফাতওয়ায়ে হিন্দিয়াহ ২/৪০; ফাতওয়া মাহমুদিয়া ২/৪৫২; ফাতওয়া রহীমিয়া ২/১৬৪)