কবরস্থানের উপর বাড়ী-মসজিদ ইত্যাদি নির্মাণ করা
Question
কবরস্থানের উপর বাড়ী কিংবা মসজিদ তৈরী করা জায়েয কি না? যদি জায়েয হয়, তাহলে উভয়ের তৈরীর ক্ষেত্রে শরী‘আতের বিধানের কোন তারতম্য আছে কি না ?
আমি একটি বাড়ি খরিদ করেছি। বিশ্বস্তসূত্রে জানতে পারলাম যে, বাড়ীটিতে ৫০/৬০ বছর পূর্বে অনুমান ১০/১৫ জন লোককে দাফন করা হয়েছে। উক্ত বাড়িতে ঘর দরজা তৈরী করে বাড়ী হিসাবে বসবাস করায় শরী‘আতের হুকুম কি?
Answer
যদি কবরস্থানটি গোরস্থানের জন্য ওয়াকফকৃত না হয়, বরং কারো মালিকানাধীন হয়, আর স্থানটি এত পুরাতন যে, দাফনকৃত ব্যক্তি সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে গেছে, তাহলে ঐখানে মালিক ঘরবাড়ী কিংবা ওয়াকফ এর মাধ্যমে মসজিদ তৈরী করতে পারে। এটা শরী‘আতের দৃষ্টিতে জায়েয আছে। মোদ্দাকথা, অন্যান্য জমিনের যে হুকুম, উক্ত ওয়াকফ বিহীন কবরস্থানটির সেই হুকুম, সেখানে ঘর বা মসজিদ তৈরীর একই হুকুম।
আর যদি কবরস্থানটি ওয়াকফকৃত হয়, তাহলে সেখানে বাড়ী ঘর বা মসজিদ বানানো জায়েয নয়।
(প্রমাণঃ শামী ২:২৩৩, ফাতাওয়া মাহমূদীয়া ৭: ২৩৮-২২১, ফাতাওয়া মাহমূদীয়া, ১০:৩০০ পৃঃ ৩০০-২৮৭)