আখেরী বৈঠকে তাশাহুদে বসার নিয়ম
Question
আমরা বাম পা বিছিয়ে এবং ডান পা খাড়া করে যেভাবে আখেরী বৈঠকে তাশাহুদের সময় বসি, এটার নাকি কোন দলীল নেই ?
Answer
১. হযরত আয়েশা রা. বলেন,
كَانَ )رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-( يَقُولُ فِى كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى. أخرجه مسلم في باب صفة الصلاة (٤٩٨) وابن أبي شيبة، (٢٩٤٣)
অর্থ: তিনি ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রত্যেক দুই রাকাতে আত্তাহিয়্যাতু পড়তেন। এবং বাম পা বিছিয়ে দিতেন ও ডান পা খাড়া রাখতেন।
২. হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন,
قدمت المدينة قلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وسلم فلما جلس يعني للتشهد افترش رجله اليسرى ووضع يده اليسرى يعني على فخذه اليسرى ونصب رجله اليمنى. أخرجه الترمذي(٢٩٢ )وقال حسن صحيح وابن أبي شيبة، (٢٩٤٢).
অর্থ: আমি মদীনা আসলাম, আর (মনে মনে) বললাম, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায দেখবো। (তিনি বলেন), যখন তিনি বৈঠক করলেন, অর্থাৎ তাশাহহুদের জন্য তখন তাঁর বাম পা বিছিয়ে দিলেন, এবং তাঁর বাম হাত বাম উরুর উপর রাখলেন। আর ডান পা খাড়া রাখলেন।
৩. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেছেন,
إنما سنة الصلاة أن تنصب رجلك اليمنى وتثنى اليسرى. أخرجه البخاري(٨٢٧) والنسائي(١١٥٧-١١٥٨) وابن أبي شيبة (٢٩٤٤).
অর্থ: নামাযে সুন্নত হলো ডান পা খাড়া রাখবে এবং বাম পা বিছিয়ে দেবে। বুখারী শরীফ, হাদীস নং ৮২৭; নাসায়ী শরীফ, হাদীস নং ১১৫৭, ১১৫৮; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ২৯৪৪।
নাসায়ী শরীফে বাম পায়ের উপর বসার কথাও বর্ণিত হয়েছে।
মুসান্নাফে ইবনে আবী শায়বায় হযরত কা’ব রা., হযরত আলী রা., মুহাম্মদ ইবনে সীরীন র. ও ইবরাহীম নাখায়ী র. প্রমুখের আমলও অনুরূপ বর্ণিত হয়েছে।
এসব হাদীস দ্বারা একথা সুষ্পষ্টভাবে প্রমাণিত যে, আখেরী বৈঠক ও প্রথম বৈঠকে বসার সুন্নাহ সম্মত পদ্ধতি হল, ডান পা খাড়া করে বাম বা বিছিয়ে তার উপর বসা। সুতরাং এ আমলের কোন দলীল নেই বলা অজ্ঞতা বৈ কিছু নয়।