শেয়ার ক্রয়-বিক্রয় করা
Question
আমাদের দেশে প্রচলিত শেয়ার ব্যবসা জায়েয কি না? এবং এর মধ্যে জড়িত হওয়া যাবে কি না? বিস্তারিত জানাবেন।
Answer
নিম্নে বর্ণিত শর্ত গুলো পাওয়া গেলে শেয়ার ব্যবসা জায়েয হবে, নতুবা জায়েয হবে না। শর্তগুলো নিম্নরূপঃ
(১) যে কোম্পানীর শেয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে তার অধীনে যমিন, কারখানা থাকা এবং তার থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের মালামাল বাজার ও মার্কেটে প্রচলিত থাকা।
(২) কোম্পানীর পুঁজি সম্পূর্ণরূপে বৈধ হওয়া। সুদ-ঘুষ বা অন্য কোন অবৈধ পন্থায় অর্জিত না হওয়া।
(৩) কোম্পানীর ব্যবসা হালাল পন্থায় হওয়া এবং হারাম পণ্যের ব্যবসা না হওয়া। যথা- মদ, এ্যালকোহল মিশ্রিত সামগ্রী, টিভি, ভি সি আর ইত্যাদি ইসলামে নিষিদ্ধ পণ্যের ব্যবসা না হওয়া।
(৪) শেয়ার বেচা-কেনার সময় বেচা-কেনার সকল শর্ত যথাযথ ভাবে পালন করা। যেমন- কেউ শেয়ার ক্রয় করার পর অন্যের নিকট তা বিক্রি করতে চাইলে, প্রথমে তা পুরোপুরী ভাবে নিজের মালিকানায় ও আয়ত্বে আসা জরুরী। তার পর অন্যের নিকট বিক্রি করতে পারবে।
(৫) প্রকৃত লাভ ও লোকসানের ভিত্তিতে শেয়ার বিক্রি করা এবং শেয়ার হোল্ডারগণ লাভের কত অংশ পাবে তা পূর্বেই জানিয়ে দেয়া।
(৬) সম্পূর্ণ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মাঝে তাদের নির্ধারিত অংশীদারিত্বের ভিত্তিতে বিক্রি করা। এসকল শর্তাবলীর ভিত্তিতে শেয়ার ক্রয় করা জায়েয হবে এবং শেয়ার কিনে পরে বিক্রি করা অর্থাৎ শেয়ারের ব্যবসা করা জায়েয। এ শর্ত গুলোর মধ্যে কোন একটি শর্ত যদি পাওয়া না যায়, তাহলে শেয়ার ক্রয় বিক্রয় এবং এখানে বিনিয়োগ জায়েয হবে না। তাই শেয়ার গ্রহণে আগ্রহীদের করণীয় হচ্ছে প্রথমে কোম্পানীর কার্যক্রম ও তার সকল খুটি নাটি বিষয় এবং নিয়ম কানুন ভাল ভাবে অবহিত হয়ে মুফতী বা মুহাক্কিক আলেমের সঙ্গে পরামর্শ করে এতে জড়িত হওয়া বা না হওয়া। কোম্পানীর সকল বিষয়ে অবহিত না হয়ে তার শেয়ার গ্রহণ করা যাবে না। আমাদের জানা মতে বর্তমানে কোন কোম্পানীই উক্ত শর্ত মুতাবিক লেন-দেন করছে না বিধায় শেয়ার ব্যবসা জায়েয বলা যাবে না এবং তাদের দেয়া লভ্যাংশকেও হালাল বলা হবে না। (নিযামুল ফাতাওয়া-১-১১, ইমদাদুল ফাতাওয়া-৩-৪৯৪)