পুরুষদের জন্য মহিলাদের কুরআন তিলাওয়াত শ্রবন
Question
ক্যাসেটে উঠানো মহিলাদের কুরআন শরীফ তিলাওয়াত এবং ঈমান, আমল ও আখিরাত সম্পর্কে বয়ান পুরুষের জন্য শ্রবন করা জায়েয হবে কিনা?
Answer
ক্যাসেটে উঠানো কুরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করা জায়েয আছে। তবে পুরুষদের তিলাওয়াত পুরুষরা শুনবে, আর মহিলাদের তিলাওয়াত মহিলারা শুনবে। কিন্তু মহিলাদের তিলাওয়াত পুরুষের জন্য শ্রবণ করা জায়েয নয়। কারণ মহিলাদের আওয়াজ বা কন্ঠস্বর বেগানা পুরুষ থেকে বিনা প্রয়োজনে গোপন থাকা বা রাখা জরুরী। এমনকি বিনা প্রয়োজনে তাদের সাথে কথাবার্তা বলাও নিষেধ। একান্ত প্রয়োজনেই কেবলমাত্র পর্দার আড়াল থেকে মেয়েরা কর্কশ স্বরে কথা বলতে পারে। ক্যাসেটের মাধ্যমে মহিলাদের তিলাওয়াত বা অন্য কোন দীনী আলোচনা শোনার জন্য মহিলাদের কন্ঠস্বর ব্যতীত আরো যথেষ্ট মাধ্যম রয়েছে। সুতরাং প্রয়োজন হলে, সেখান থেকেই শুনবে এবং নসীহত হাসিল করবে। তেমনিভাবে মহিলাদেরও উচিত যে, কোন পুরুষ কারী সাহেবদের সুমধুর কন্ঠে তিলাওয়াত না শোনা। কারণ, এতেও অনেকে ক্ষতি রয়েছে। মেয়েরা কেবল মেয়েদের তিলাওয়াত শুনবে। তবে মেয়েরা পুরুষ বুজুর্গ উলামায়ে কিরামের ওয়াজ শুনতে ও নসীহত হাসিল করতে পারে। (প্রমাণঃ তাফসীরে মা‘আরিফুল কুরআন-৬:৪০৬, ইমদাদুল ফাতাওয়া-৪:১৯৭)