পিতা-পুত্রের যৌথ কর্মে পুত্রের মালিকানা

Question

পিতা ও পুত্র যদি একান্নভুক্ত পরিবারে বাস করে, তাহলে পুত্রের উপার্জিত অর্থের মালিক কে হবে? আমাদের দেশে সব অর্থের মালিক পিতাকেই মনে করা হয়। এ ব্যাপারে সঠিক ফায়সালা কি?

Answer

পিতা ও পুত্রের একান্নভুক্ত পরিবারে উপার্জিত অর্থের মালিক সবসময় পিতাই হবে এমন ধারণা করা ঠিক নয়। বরং পিতা ঐ সময় মালিক হবেন যখন পিতা ও পুত্র উভয়ের পুঁজিবিহীন কর্মস্থল এক হয় অথবা একমাত্র পিতার পুজি বা সম্পত্তি নির্ভর ব্যবসায় পুত্র শুধু শ্রম দেয়া। আর যদি পুঁজিবিহীন কর্মস্থল ভিন্ন ভিন্ন হয় বা পূত্রের নিজস্ব পুঁজিও শামিল থাকে সেক্ষেত্রে পুত্রের উপার্জন বা তার পুঁজি অনুপাতে লভ্যাংশের মালিক পুত্রই হবে পিতা নয়।

অবশ্য ছেলে-সন্তানেরা যদি তাদের উপার্জিত অর্থ পিতার হাতে/ফান্ডে নিঃশর্তভাবে পিতাকে মালিক বানিয়ে জমা দিয়ে দেয়, তাহলে হেবা সূত্রে পিতা এর মালিক হয়ে যাবেন। সেক্ষেত্রে এ অর্থ দিয়ে তৈরীকৃত জিনিসও পিতার মালিকানা বলে গণ্য হবে। তবে আমাদের দেশে সন্তান কর্তৃক অস্পষ্টভাবে যে টাকা পয়সা পিতা-মাতার হাতে দেয়া হয়, পিতা-মাতা মনে করে তাদেরকে মালিক বানিয়ে দেয়া হচ্ছে, আর ছেলে মনে করে যে, এর দ্বারা পিতা তার জন্য সম্পদ করে দিবেন। ছেলে তার মনের কথা পরিষ্কার বলে না, যাতে পিতা মনে কোন আঘাত না পায়। অথচ পরবর্তীতে সম্পদের দাবী-দাওয়া নিয়ে এর চেয়ে বহুগুণ বেশী আঘাত দিয়ে থাকে। এ প্রথা শরী‘আতে খুবই ঘৃণিত। প্রত্যেকের কর্তব্য প্রথমেই মু‘আমালা পরিষ্কার করে নেয়া। [প্রমাণঃ ইমদাদুল মুফতীন ৮২৩-৮২৪, #ফাতাওয়া রহীমিয়া ৯:১৬০, #আদদুররূল মুখতার ৪:৩২৫]