মসজিদ ফান্ডের টাকা মাদরাসার জন্য খরচ করা
Question
মসজিদ ফান্ডের টাকা মাদরাসার জন্য খরচ করার কি হুকুম? যেমন, কোন মসজিদে আবাসিক ছাত্র থাকার কারণে দিন-রাত সেখানে পাখা চলে, লাইট জ্বলে, অনুরূপভাবে পানির বিল, গ্যাসের বিলও মসজিদের ফাণ্ড থেকে পরিশোধ করা হয়। অথচ মাদরাসার খাতে যা আয় হয় তার এক পয়সাও মসজিদে আসে না। বরং সেগুলি মাদরাসা কর্তৃপক্ষ ভোগ করে থাকে। এমতাবস্থায় এর দায়-দায়িত্ব কি মসজিদ কমিটির উপর বর্তাবে, না অন্য কারো উপর?
Answer
যেখানে মসজিদ ও মাদরাসা দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং প্রত্যেকটির ফাণ্ড ও দায়দেনা পৃথক থাকে, সেখানে মসজিদ ফান্ডের টাকা মসজিদের খাতেই খরচ করতে হবে। মাদরাসার খাতে মোটেও খরচ করার অনুমতি নেই। তবে ছাত্রদের জন্য মসজিদের ফ্যান, লাইট, পানি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে মাসআলা হল, মাদরাসার ছাত্রদের মসজিদে থাকা যে সুরতে জায়েয হবে তখন সেগুলির ব্যবহারও জায়েয হবে। আর যখন তাদের থাকা নাজায়েয হবে তখন এগুলির ব্যবহারও নাজায়েয হবে।
সুতরাং প্রশ্নের বর্ণনা অনুযায়ী মাদরাসার ছাত্রদের মসজিদে স্থায়ীভাবে থাকা এবং মসজিদের ফ্যান লাইট ইত্যাদি ব্যবহার করা নাজায়িয। তাই মাদরাসার কমিটির জন্য জরুরী হল, অতি শীঘ্র মাদরাসার জন্য জায়গার ব্যবস্থা করা। অন্যথায় মসজিদের অবৈধ ব্যবহারের কারণে তারা গুনাহগার হবে। আর মসজিদ কমিটির কর্তব্য হল, মাদরাসা কমিটির উপর চাপ প্রয়োগ করে মসজিদকে যথাশীঘ্র খালি করা। আর মসজিদের মূল বিল থেকে অতিরিক্ত যে বিলটা আসছে সেই টাকা মাদরাসার তহবিল থেকে নিয়ে মসজিদের তহবিলে জমা দেয়া। তা নাহলে এই টাকার জন্য মসজিদ কমিটিকে আল্লাহ পাকের নিকট জবাবদিহী করতে হবে। (আদদুররুল-মুখতার- ৪/৩৬০)