শবে বারাআত এবং শবে কদরের গোসল
Question
শবে বারাআতের এবং শবে কদরের গোসল সম্পর্কে যে ফায়দা বলা হয় তা কি সহীহ?
Answer
শবে বারাআতের গোসল
শবে বারাআতের গোসলের ফজীলত বয়ান করতে যেয়ে অনেকে নিম্নোক্ত কথাটি বয়ান করে থাকেন। যে ব্যক্তি বারাআতের রাতে ইবাদতের উদ্দেশ্যে গোসল করবে তার গোসলের প্রতি ফোটা পানির পরিবর্তে তার আমল নামায় ৭০০ রাকাআত নফল নামাযের সাওয়াব লেখা হবে। মনে রাখা দরকার যে, শবে বারাআত একটি বরকতময় রাত। এর ফজীলত ও মর্যাদা সম্পর্কে একাধিক হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু আমাদের দেশে বিশেষ করে অনেকেই চরম বাড়াবাড়ি কিংবা শিথিলতার শিকার।
কেউ তো শবে বারাআতে শরী‘আতের স্বীকৃত আমলকে অস্বীকার করে বসে আছে। আবার কেউ কেউ স্বীকৃত না এমন অনেক কিছুকেই নিজেদের পক্ষ থেকে পালন করে যাচ্ছে। এমনকি সেগুলি প্রচলনের জন্য জাল হাদীস বর্ণনা করতে ও কুণ্ঠাবোধ করছে না। শবে বারাআতে গোসলের ফজীলত সম্বলিত বক্তব্যটিও এরূপে একটি জাল হাদীস, এর কোন ভিত্তিই নেই। বিস্তারিত জানার জন্য দেখুন “যাইলুল মাকাসিদিল হাসানা”।
শবে কদরের গোসল
শবে কদরের গোসলের ফজীলত বয়ান করতে যেয়ে বলা হয় যারা শবে কদরে ইবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করবে, তাদের পা ধোয়া শেষ হতে না হতেই পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শবে কদরে যেহেতু শরী‘আতের পক্ষ থেকে সম্মিলিত কোন ইবাদতের বিধান নেই, তাই শরী‘আতে বিশেষভাবে এ রাতে গোসলের হুকুম থাকার কথা নয়। তাই গোসলের ফজীলত সম্পর্কে আলোচিত হাদীসটি সম্পূর্ণ ভিত্তিহীন। (ইতহাফুস সাদাতিল মুত্তাকীন -৩/৪২৭)