ইলেকট্রিক বিল প্রদান পদ্ধতি

Question

আমি প্লাষ্টিক ব্যবসার সাথে জড়িত। নিজস্ব কারখানা প্রতিষ্ঠা ব্যতীত আমার ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। আর আমাদের দেশে যেসব কল-কারখানা চলছে, এগুলোর ইলেকট্রিক বিল পরিপূর্নরূপে পরিশোধ করা হয় না। কারন, পরিপূর্নভাবে বিল আদায় করতে গেলে কারখানার লোকসান হয়, তাই সরকারী লোকদের সাথে কন্ট্রাক্ট করে মূল বিল থেকে কমিয়ে ইলেকট্রিক বিল পরিশোধ করা হয়। আর এ পন্থা অবলম্বন না করে কেউ যদি প্রকৃত বিল পরিশোধ করতে চায়, তাহলে দেখা যায় মূল বিল থেকে আরো বাড়িয়ে বিল বানানো হয়। সুতরাং, আমি কারখানা চালাতে গিয়ে কোন পন্থা অবলম্বন করতে পারি? জানতে ইচ্ছুক।

Answer

আপনি যদি প্লাষ্টিক ব্যবসার সুবিধার্থে নিজস্ব কারখানা প্রতিষ্ঠা করতে চান, তাহলে ইলেকট্রিক বিল পরিপূর্নভাবেই পরিশোধ করতে হবে। কেননা, প্রকৃত বিল পরিশোধ করার পরিবর্তে সরকারী লোকদের সাথে কন্ট্রাক্ট করে কম দেয়া, জাতীয় সম্পদ চুরি করার নামান্তর। যদিও অনেক সরকারী লোকেরা এমন সুযোগ দিয়ে থাকে এবং অনেক ব্যবসায়ী এমন করে থাকে, তাই বলে ইসলামী শরী‘আতে চুরি ও প্রতারণা জায়িয হতে পারে না। সুতরাং,আপনি তাকওয়ার উপর থাকতে চাইলে নিম্মোক্ত তিনটি পদ্ধতির মধ্যে থেকে যে কোন একটি গ্রহণ করতে পারেন।

(ক) যেহেতু নিজস্ব কারখানা চালাতে গিয়ে ইলেকট্রিক বিল পরিপূর্নভাবেই পরিশোধ করায় লাভের পরিবর্তে লোকসান হয় তাই আপনি কষ্ট হলেও অন্যের কারখানা থেকে মাল নিয়ে আপনার ব্যবসা চালাতে থাকুন।

(খ) অন্যের কারখানার দু‘একটি মেশিন আপনার জন্য কন্ট্রাক করে নিন, যা সর্বদা আপনার মাল তৈরীতে নিয়োজিত থাকবে।

(গ) আর নিজে কারখানা প্রতিষ্ঠা করতে হলে ইলেকট্রিকের বিলসহ ঘরভাড়া নিতে পারেন অর্থাৎ ইলেকট্রিকের বিল পরিশোধ করা মালিকের দায়িত্বে থকবে। [প্রমাণঃ সূরা মুতাফফিফীন ১-৩, তাফসীরে মাযহারী ১০:২১৭,কানযুল উম্মাল ১৫:৬৭, তাফসীরে মা’আরিফুল কুরআন ৮:৬৯৩]