চার ইমামেরই তাকলীদ করা
Question
অনেক লা মাযহাবী ভায়েরা প্রশ্ন করে থাকেন যে, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে তাবেঈন, তাবে তাবেঈনদের যুগ পর্যন্ত তো অনেক মুজতাহিদ জন্ম গ্রহণ করেছেন। এখন সকল মুজতাহিদকে বাদ দিয়ে শুধু মাত্র চার ইমামের তাকলীদ করাই জরুরী কেন? বিশেষ করে সাহাবাদের মধ্যেও যখন নাকি অনেক মুজতাহিদ ছিলেন, হাদীসে যাদের অনেক ফযীলত বর্ণনা করা হয়েছে। আমরা তাদের তাকলীদ করিনা কেন?
Answer
একথা নিঃসন্দেহে সত্য যে, সাহাবায়ে কেরাম চার ইমামের তুলনায় হাজারগুণে শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু চার ইমামের তাকলীদ করার কারণ এটা নয় যে, তারা মর্যাদার দিক দিয়ে সাহাবাদের চেয়েও শ্রেষ্ঠ ছিলেন। বরং কারণ হল কারো তাকলীদ করার জন্য তার থেকে বর্ণিত ঐ সকল মাসায়িল জানা থাকা জরুরী যার তাকলীদ করা হয়। চার ইমাম থেকে বর্ণিত মাসআলা মাসায়িল অত্যন্ত বিন্যস্ত ও বিশদ ভাবে কিতাব আকারে যেভাবে প্রসার লাভ করেছে অন্য কোন মুজতাহিদের বর্ণিত মাসায়িল তেমন ভাবে সংরক্ষিত ও প্রসারিত হয় নি।
সুতরাং চার ইমামের কোন একজনের তাকলীদ না করে উপায় কি? এই জন্যই তাকলীদের জন্য তাদেরকে বেছে নেয়া হয়েছে। আল্লাহ পাক তাদেরকে কুরআন হাদীসের পরিপূর্ণ জ্ঞান দান করেছিলেন। রাসূলে আকরাম ﷺ এর যত হাদীস সাহাবায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতে বিস্তার লাভ করেছে সে সকল হাদীস এই ইমামদের নিকট বিদ্যমান ছিল। এমনটা তো হতে পারে যে, একটা হাদীস এক ইমামের কাছে আছে অন্য ইমামের কাছে নাই। কিন্তু এমনটা হতে পারে না যে, কোন হাদীস আছে অথচ তাদের চার জনের কেউ জানতে পারেন নি। (ফাতাওয়া মাহমুদিয়া ১-৩৮৩)