প্রয়োজনবশতঃ বেগানা মেয়েদের সাথে দেখা-সাক্ষাত

Question

আমি একজন পোস্ট অফিসের পিয়ন। প্রতিদিন কমপক্ষে ৪/৫ টি রেজিষ্ট্রি পত্র মেয়েলোকের নামে আসে। এমনকি অর্ডিনারী কয়েকটি পত্রও প্রায়ই মেয়েলোকের নামে আসে। মেয়েলোকের রেজিষ্ট্রি পত্রগুলো বিলি করতে গিয়ে তাদের সাথে অবশ্যই দেখা হয়। এবং কথাবার্তাও হয়। একটি ইসলামিক বইতে লেখা দেখলাম বেগানা মহিলাকে দেখা হারাম ও নাজায়েয। মেয়েদের বেলায়ও একই হুকুম। আমার জিজ্ঞাসা হল ইসলামের দৃষ্টিতে এই হারাম থেকে বাঁচতে হলে আমার করণীয় কি?

Answer

শরী‘আতের দৃষ্টিতে গাইরে মাহরাম তথা বেগানা মহিলাদেরকে দেখা; তাদের সাথে অযথা কথা বলা এমনকি সালাম দেয়াও সম্পূর্ণভাবে নাজায়েয।

তবে প্রয়োজনীয় ও জরুরী ক্ষেত্রে শর‘ঈ পর্দা বজায় রেখে দরকারী কথাবার্তা বলা জায়েয আছে। এক্ষেত্রে মহিলাদের উচিত তারা যেন দরকারী কথা বার্তা সংক্ষেপে কর্কশ ভাষায় বলে শেষ করে দেয়। অযথা দীর্ঘ ও নরম আলাপ বা অহেতুক কথা বার্তা যেন না বলে।

প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনার করণীয় হল-আপনি মহিলাদের নামে আসা রেজিস্ট্রারী ও অর্ডিনারী পত্র ও এ জাতীয় পত্র বিতরনের প্রয়োজনে আপনি যথাসাধ্য চেষ্টা করে উক্ত পত্রগুলো প্রাপক মহিলার কোন মাহরাম তথা স্বামী, ছেলে বা ভাই-বাবার মাধ্যমে তার হাতে পৌঁছিয়ে দিবেন এবং প্রাপকের হাতের সাইন বা স্বাক্ষর নেওয়ার জন্য সে স্থানটুকু চিহ্নিত করে পত্র বাহককে বলবেন। এভাবে আপনার প্রয়োজনীয় দ্বায়িত্বও শেষ হবে এবং শর‘ঈ পর্দার আইনও লংঘন হবে না।

তবে যদি একান্তভাবে চেষ্টা করে বিফল হন অর্থাৎ, কোন পুরুষ মাহরাম পাওয়া না গেলে, তখন নিজেই দৃষ্টি নীচের দিকে রেখে ঐ মহিলার স্বাক্ষর নিয়ে নিবেন (প্রমাণঃ সূরা নুর-৩০, সূরা আহযাব-৩৩/৫৯, ইমদাদুল মুফতীন-১০৩১)