Masail
100%

তারাবীহ নামাযের বিনিময় গ্রহণ করা

Question

তারাবীহ নামাযের বিনিময় গ্রহণ করা জায়েয নাই, এ সম্পর্কিত মাসআলাটি জায়েয নাজায়িয এর দ্বিতীয় খণ্ডে আমরা পড়েছি। কিন্তু ইদানিং কালে এ বিষয়ে বিভিন্ন জায়গায় নতুন করে বিতর্ক শুরু হচ্ছে এবং ইমামতির উপর কিয়াস করে এর বিনিময়ও জায়েয করা হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাযের ইমামতি করে যদি বিনিময় নেয়া যায় তাহলে তারাবীহর ইমামতি করে বিনিময় নিতে বাধা কোথায়? এ বিতর্কের পরিপ্রেক্ষিতে আলোচ্য মাসআলাটি যদি আরেকটু খোলাসা করে আলোচনা করা হয় তাহলে আশা করি এর দ্বারা ফায়দা হবে।

Answer

এতে কোন সন্দেহ নেই যে, খতম তারাবীর বিনিময় দেয়া নেয়া উভয়টাই নাজায়িয এবং এর জন্য কোন বেতন-ভাতা নির্ধারণ করাও নাজায়িয। তারাবীহ হচ্ছে খালেস একটি ইবাদত যা অন্যান্য নামায ও রোযার মত ইবাদাতে মাকসুদাহ এর অন্তর্ভুক্ত। আর এ ধরনের ইবাদতের বিনিময় বা বেতন দেয়া-নেয়া উম্মতে মুসলিমার ঐক্যমত্যের ভিত্তিতে নাজায়িয। এতে না কোন মাযহাবী মতভেদ আছে, না পূর্ববর্তী ও পরবর্তী ফকীহগণের মাঝে কোন মতভেদ আছে।

ইমামতির বেতন ঠিক করা এবং তা আদায় করা যদিও পরবর্তী ফকীহগণের দৃষ্টিতে জায়েয; কিন্তু খতম তারাবীর বিনিময়টা ইমামতির জন্য নয় এটি দেয়া হয় মূলত খতমের বিনিময় হিসাবে। মনে করুন তারাবীহর জন্য নিযুক্ত হাফেজ যদি সুরাহ তারাবীহ পড়িয়ে দেয় তাহলে কি তাকে ঐ পরিমাণ বিনিময় দেয়া হবে যা তাকে খতম তারাবীহ পড়ালে দেয়া হত? মোটেও নয়। তাহলে বোঝা গেল, হাদিয়ার নামে হাফেজ সাহেবকে যে বিনিময় দেয়া হচ্ছে- যা অনেক ক্ষেত্রে জোর-যবরদস্তী করে অত্যন্ত দৃষ্টিকটুভাবে চাঁদার মাধ্যমে উঠানো হয়ে থাকে- তা ইমামতির জন্য না বরং খতমের জন্যই দেয়া হচ্ছে।

তাছাড়া পরবর্তী ফকীহগণ যে ইমামতির জন্য বেতন জায়েয বলেছেন সেটা হল ফরজের ইমামতি। সুন্নত নামাযের ইমামতি তার অন্তর্ভুক্ত নয়। আর হাফেজদেরকে দেয়া বিনিময় জায়েয করার জন্য এই হীলা-বাহানা করা যে, শুধু রমাযান মাসের জন্য দু-এক ওয়াক্ত নামাযের দায়িত্ব দিয়ে দেয়া হবে, এটা একটা বাহানা মাত্র, যা পরিহার করা জরুরী। কেননা, এই হীলার অর্থ এটাই দাঁড়ায় যে, বিনিময়টা তাকে ফরজের ইমাতির জন্য দেয়া হচ্ছে আর তারাবীহর খতম সে বিনিময় ছাড়াই পড়িয়ে দিচ্ছে। কিন্তু আপনার মনকে একটু প্রশ্ন করে দেখুন তো যে, ঐ হাফেজ সাহেব তার দায়িত্বে অর্পিত ফরজ নামাযের ইমামতি যদি যথাযথ গুরুত্বের সাথেও পালন করেন কিন্তু খতমে তারাবিতে অংশ গ্রহণ না করেন, তাহলে কি তাকে ঐ বিনিময় দেয়া হবে যা খতম তারাবীহ পড়ালে দেয়া হত? মোটেও নয়। তাহলে স্পষ্ট হয়ে গেল যে, বিনিময়টা মূলতঃ খতমে তারাবীর, ফরজের ইমামতির নয়। এই কারণেই অনেক উলামায়ে কেরাম এই হীলাকে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের এই ফাতওয়াই সহীহ। (ইমদাদুল ফাতওয়া-১/৩২২)

সারকথা হল, কুরআন তিলাওয়াত বিশেষত যখন তা নামাযে পড়া হয় একটি খালেস ইবাদত যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া চাই। তাতে দুনিয়াবী কোন উদ্দেশ্য শামিল করা গুনাহ।

এ সম্পর্কে আমরা কিছু হাদীস ও আসার তুলে ধরছি। 

(১) হযরত আব্দুর রহমান ইবনে শিবল রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি যে, তোমরা কুরআন পড়, তবে তাতে বাড়াবাড়ি কর না এবং তার প্রতি বিরূপ হয়ো না। কুরআনের বিনিময় ভক্ষণ কর না। আর এর দ্বারা সম্পদ কামনা কর না। মুসনাদে আহমাদ ৩/৪২৮, মুসান্নাফে ইবনে আবী শাইবাহ ২/২৯২

(২) হযরত ইমরান ইবনে হুসাইন রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন, তোমরা কুরআন পড় এবং আল্লাহ তা‘আলার কাছে চাও। তোমাদের পরে এমন জাতি আসবে, যারা কুরআন পড়ে মানুষের কাছে চাইবে। (মুসনাদে আহমাদ ৪/৪৩৭, তিরমিযী শরীফ ২/১১৯)

(৩) হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ একদিন মসজিদে প্রবেশ করে দেখলেন, কিছু লোক কুরআন পড়ছে; তখন তিনি বললেন, তোমরা কুরআন পড় এবং তার বিনিময় আল্লাহ তা‘আলার কাছে চাও, ঐ জাতি আসার আগে; যারা খুব আকর্ষণীয়ভাবে কুরআন পড়ার চেষ্টা করবে, কিন্তু এর বিনিময় দুনিয়াতেই নিয়ে নেবে, আখেরাতের জন্য কিছুই বাকি রাখবে না। (মুসনাদে আহমাদ ৩/৩৫৭, আবু দাউদ ১/২২০)

(৪) হযরত সুলাইমান ইবনে বুরাইদা তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআন পড়ে মানুষের কাছ থেকে তার বিনিময় খাবে, সে যখন হাশরের মাঠে উঠবে, তখন তার চোহারায় গোশত থাকবে না। থাকবে শুধু হাড্ডি। (শুআবুল ঈমান লিল বাইহাকী ২/৫৩২)

(৫) হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রা. থেকে বর্ণিত, তিনি এক রমাযানে লোকদের নিয়ে তারাবীহ পড়ালেন। এরপর ঈদের দিন আব্দুল্লাহ ইবনে যিয়াদ রহ. তার কাছে এক জোড়া কাপড় এবং পাঁচশ দেরহাম পাঠালেন। তখন তিনি উক্ত কাপড় ও দেরহাম এই বলে ফেরত পাঠালেন যে, আমরা কুরআনের বিনিময় গ্রহণ করি না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/২৯২)

তারাবীর বিনিময় গ্রহণ সম্পর্কে ফাতওয়ার কিতাব সমূহে যে ইবারত লিপিবদ্ধ রয়েছে তা থেকে এবার দু’একটি উদ্ধৃতি তুলে ধরছি।

(১) আল্লামা ইবনে আবেদীন শামী রহ. বলেন, শাইখুল ইসলাম তাকী উদ্দীন ইবনে তাইমিয়াহ রহ. বলেছেন, কোন ইমামই তেলাওয়াতের বিনিময়কে জায়েয় বলেননি, তাঁদের মতভেদ তো হল কুরআন শিক্ষাদানের বিনিময়ের ব্যাপারে। (ফাতওয়ায়ে শামী ৬/৫৭)

(২) শায়খ ইবনে আবিল ইয হানাফী রহ. বলেন, তেলাওয়াতের বিনিময় দেয়া নেয়া নাজায়িয। এতে কারো দ্বিমত নেই।

(৩) আল্লামা বদরুদ্দীন আইনী রহ. বলেন, দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি তিলাওয়াত করে তাকে কিছু দেয়া যাবে না। দিলে দাতা ও গ্রহীতা উভয়েই গুনাহগার হবে। (আল বেনায়া ৩/৬৫৫)

এতক্ষণের আলোচনা দ্বারা একথা স্পষ্ট হয়ে গেল যে, খতমে তারাবীহ হোক কিংবা সূরা তারাবীহ হোক এর বিনিময় গ্রহণ করা নাজায়িয ও হারাম। কোন হীলা-বাহানায় একে হালাল করার কোন অবকাশ নেই।