Masail
100%

জানাযার নামাযের পর একত্রিত হওয়া, দোয়া করা

Question

আমাদের এলাকার প্রচলিত আছে যে, মৃত ব্যক্তির জানাযার নামায আদায় করার পরপরই কবরস্থ করার পূর্বে সবাই সম্মিলিতভাবে দু’আ করে থাকেন। এই দু’আর প্রথা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা? কোন কোন আলেম বলেন- “জানাযার নামায আাদয়ের পরপরই কবরস্থ করার পূর্ব পর্যন্ত দু’আ বৈধ নয়”। আবার কোন কোন আলেম বলেন, “জানাযার নামাযের সালাম ফিরানোর পরপরই কবরস্থ করার পূর্বে কিছু পড়াশুনা এবং কবরস্থান জিয়ারত করে দু্‌’আ করা বৈধ আছে।” সঠিক সমাধান চাই।

Answer

জানাযা পড়াটাই প্রকৃতপক্ষে মাইয়্যিতের জন্য মুসলমানদের তরফ থেকে আল্লাহ তা‘আলার নিকট উৎকৃষ্ট সম্মিলিত দু’আ। জানাযার দ্বিতীয় তাকবীরের পর দু’আ পড়ে মাইয়্যিতের জন্য সকলে মিলে আল্লাহের কাছে মাগফিরাত কামনা করে থাকে। কাজেই জানাযা পড়ে পুনরায় তার জন্য সম্মিলিত দু’আ করা নিষ্প্রয়োজন এবং এ ধরনের দু’আ করার কথা কুরআন-হাদীসে সাবিত নেই। বরং জানাযার পরে দু’আ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ, এতে মাইয়্যিতকে দাফন করতে দেরী হয়ে যায়, যা শরী‘আতে নিষেধ। এই একই কারণে জানাযার পর মাইয়্যিতের চেহারা দেখানো নিষেধ করা হয়েছে। কারণ, এতেও দাফনে দেরী হয়।

উল্লেখ্য, জানাযার নামায পড়ে সকলে মিলে লাশ সামনে নিয়ে আবার দু’আ করার অর্থ হবে- আল্লাহ প্রদত্ত নিয়মের দু’আর উপর সন্তুষ্ট না হয়ে নিজেরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে নেয়া যা শরী‘আতে নিন্দনীয় ও বিদ’আত। তবে সম্মিলিতভাবে না করে প্রত্যেকে মনে মনে দু’আ করতে কোন অসুবিধা নাই। তেমনিভাবে কবর দেয়ার পর যিয়ারত করেও দু’আ করতে পারে।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:২১২ # ফাতাওয়া রহীমিয়া ১;২৫৬# আহসানুল ফাতাওয়া ১:৩৩৬]