একটি ভ্রান্তির নিরষণ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা কুরআনে হযরত ইউনুস আ. এর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, فظن ان لن نقدر عليه (তিনি ধারনা করলেন যে, আমি তাকে পাকড়াও করবো না)। এই আয়াতের তরজমা করতে গিয়ে অনেকের পদস্খলন হয়েছে। কারণ তারা অভিধান দেখে কুরআনের অর্থ করতে গিয়েছে। শুধু মাত্র অভিধান দেখে কুরআনের অর্থ করা সঠিক না। তারা এই আয়াতের অর্থ করে “তিনি (হযরত ইউনুস আ.) ধারনা করেছেন যে, আমি তার উপর ক্ষমতাবান হবো না বা তাকে আমি শাস্তি দিতে সক্ষম হবো না”। এ জাতীয় অর্থ করা একজন নবীর মর্যাদার বিপরীত। এবং এটা কোন বিবেকও মেনে নিবে না যে, তিনি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবেন, আর আল্লাহর প্রতি এরূপ ধারনা করবেন। এই অর্থ করা বা এ জাতীয় মানুষিকতা রাখাই গোমরাহির জন্য যথেষ্ট। সঠিক অর্থ হচ্ছে “তিনি নিজ এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন এধারনা করে যে, এজন্য আল্লাহ তা‘আলা আমাকে পাকড়াও করবে না, এজন্য আমাকে কোন জবাব দিহিতা করতে হবে না”। এভাবে অর্থ করলে নবীর মর্যাদার বিপরীত হবে না। কোন সমস্যাও থাকবে না।