Masail
100%

মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের পক্ষ থেকে দাওয়াতের ব্যবস্থা

Question

মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের পক্ষ থেকে যে অনুষ্ঠান এবং শান শওকতপূর্ণ খানা পিনার ইস্তিজাম করা হয় শরী‘আতে তার কি হুকুম রয়েছে?

Answer

বেশ কয়েকটি কারণে এ ধরনের দাওয়াতের অনুষ্ঠান নাজায়িয ও বিদ‘আত।

(১) প্রকৃত পক্ষে এটি একটি হিন্দুয়ানী প্রথা। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান হয় সেখান থেকে এটি ধার করা হয়েছে। তাই বিজাতির সাথে সাদৃশ্যতা থাকায় এটি নাজায়িয।

(২) বিপদ-আপদের সময় শরী‘আতে দাওয়াত ইত্যাদি অনুমোদিত নয়। এ ব্যাপারে ফিকহের কিতাবসমূহে স্পষ্ট হুকুম বিবৃত হয়েছে।

(৩) এই দাওয়াত ও অনুষ্ঠানকে জরুরী মনে করা হয় এবং এটা করার জন্য ধার কর্জ করে হলেও চেষ্টা চালায়। তো শরী‘আত যেখানে জরুরী আখ্যা দেয়নি, নিজের পক্ষ থেকে সেখানে জরুরী বানিয়ে নেয়া বিদ‘আত।

(৪) এই দাওয়াতে যে অর্থকড়ি ব্যয় করা হয় অনেক ক্ষেত্রে তাতে নাবালেগ ইয়াতীমেরও হক থাকে। আর নাবালেগের মাল দান-সদকা করা কোন অবস্থাতেই জায়েয নেই।

(৫) এই দাওয়াতের দ্বারা ইসালে সাওয়াব উদ্দেশ্য থাকে না, বরং লোক দেখানো এবং বাহবা কুড়ানো উদ্দেশ্য হয়। অথবা লোকদের তিরস্কার ও  ভর্ৎসনা থেকে বাঁচার জন্য দাওয়াতের ব্যবস্থা করা হয়। এটা ছোট শিরকের পর্যায়ে পড়ে। এই অনুষ্ঠান যে সাওয়াবের উদ্দেশ্যে হয় না বরং লোক দেখানোর উদ্দেশ্যে হয় তার কয়েকটি নমুনা নীচে উল্লেখ করা হচ্ছে।

(ক) সদকার ক্ষেত্রে উত্তম হল গোপনে করা, এসব লোককে যদি বলা হয় যে, আপনারা এতে এই হাজার হাজার টাকা ব্যয় না করে মসজিদ মাদরাসায় দিয়ে দিন, তাহলে তারা এটা মোটেও করতে রাজি হবে না।

(খ) সদকার ক্ষেত্রে উত্তম হল টাকা-পয়সা দেয়া। কেননা এতে গরীবদের বেশী উপকার হয়। যার যেমন প্রয়োজন সেখানে সে উক্ত টাকা খরচ করতে পারে। আর যদি কারো বর্তমানে কিছু প্রয়োজন না থাকে তাহলে ভবিষ্যতের জন্য সে জমা করে রাখতে পারে। কিন্তু দাওয়াত করলে এই উপকার হয় না বরং অনেক সময় খাওয়ালে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সদকার দ্বিতীয় আরেকটি স্তর হচ্ছে যার যা প্রয়োজন তাকে তা দিয়ে দেয়া। যেমন অসুস্থ ব্যক্তিকে ওষুধ কিনে দেয়া। মুসাফিরের থাকা খাওয়ার ব্যবস্থা করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করা, ঠাণ্ডায় যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করা। মোট কথা, প্রয়োজন পূরণ হয় সেদিকে খেয়াল রাখা। কিন্তু এখানে তো হাজার হাজার টাকা খরচ করে শুধুমাত্র খাওয়ানোরই ব্যবস্থা করা হয়। আর যাদের কষ্ট পাওয়ার তারা কষ্ট পেতেই থাকে।

এদেরকে যদি দাওয়াতের পরিবর্তে সহীহভাবে সদকা করার পরামর্শ দেয়া হয় যা গরীব মিসকিনের জন্য উপকারী আর স্বয়ং মায়্যিতের জন্যও অনেক বড় সাওয়াবের কারণ, তাহলে এরা উত্তরে বলে দাওয়াত না করলে আত্মীয় স্বজন নারাজ হবে। মান-সম্মান কিছু থাকবে না। বুঝা গেল দাওয়াত ঈসালে সাওয়াবের জন্য নয় বরং লোক লজ্জার ভয়ে।

(গ) ঈসালে সাওয়াবেরই যদি নিয়ত হত তাহলে এখানে ফকীর মিসকীনদেরকে প্রাধান্য দেয়া হত, তাদের খবর আগে নেয়া হত। কিন্তু দেখা যায় যে, গরীব-ফকীররা দরজায় মাথা ঠুকে মরে আর ভেতরে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মহা সমাদরে আপ্যায়ন করা হয়। পরে যদি কিছু থাকে তাহলে সেগুলি গরীবদের কপালে জোটে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে, এই দাওয়াত ঈসালে সাওয়াবের জন্য হয়েছে? (আহসানুল ফাতওয়া-১/৩৫৬)