মাসাইল

রোযা সংক্রান্ত একটি জরুরী মাসআলা

মুফতী মনসূরুল হক সাহেব১৭ মার্চ, ২০২৬রোযা যাকাত ও ইতিকাফ

প্রশ্ন

যদি কোন ব্যক্তির সৌদি আরব থাকাবস্থায় রোযা শুরু হয়ে কয়েকদিন থাকার পর বাংলাদেশে চলে আসার কারণে একটি রোযা বেশী হয়ে যায় এবং বাংলাদেশে ২৯ রোযার দিন ঈদুল ফিতরের চাঁদ না দেখা যায় বরং ৩০ রোযা পূর্ণ হয়ে যায়, তাহলে তার করণীয় কী?

উত্তর

যদি কোন ব্যক্তির সৌদি আরব থাকাবস্থায় রোযা শুরু হয়ে কয়েকদিন থাকার পর বাংলাদেশে চলে আসার কারণে একটি রোযা বেশী হয়ে যায় এবং বাংলাদেশে ২৯ রোযার দিন ঈদুল ফিতরের চাঁদ না দেখা যায় বরং ৩০ রোযা পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের ৩০ তম রোযা এবং তার ৩১তম রোযা রাখতে হবে। এ রোযাটি রাখা তার উপর ওয়াজিব। এটা বাদ দেয়ার কোন সুযোগ নাই।

কেননা তার এই রোযা ঐ ব্যক্তির রোযার মত হবে, যে ২৯ই শাবান একা রমযানের চাঁদ দেখেছে। কিন্তু তার সাক্ষ্য গৃহীত হয়নি। সে নিজে চাঁদ দেখার কারণে তার উপর তো রোযা রাখা ওয়াজিব হয়ে যাবে যদিও অন্য কারো উপর রাখা ওয়াজিব হবেনা। যার কারণে অন্যদের থেকে তার একটি রোযা বেশী হয়ে যাবে। এখন যদি ২৯ রোযার দিন ঈদুল ফিতরের চাঁদ না দেখা যায়, তাহলে তাকেও অন্যদের সাথে ৩০তম রোষা অর্থাৎ তার ৩১তম রোযা রাখতে হবে। এ রোযাটি রাখা তার উপর ওয়াজিব হবে। এটা বাদ দেয়ার কোন সুযোগ নাই।

(সুনানুত তিরমিযী: হাদীস নং-৬৯৭, মাবসূত লিসসারাখসী- ৩/৭৯, রহীমিয়া- ৭/২১৫)