সৌদি সরকার কর্তৃক হাজী সাহেবদের কুরবানী করে দেয়া প্রসঙ্গে
প্রশ্ন
বর্তমান সময়ে সৌদি সরকার হজের কুরবানী সরকারি ব্যবস্থার মাধ্যমেই সম্পাদন করাকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি কুরবানীর টাকাও হজের টাকার সাথে নিয়ে নিচ্ছে। ফলে হাজী সাহেবগণের জন্য পূর্বের পদ্ধতিতে ব্যক্তিগতভাবে কুরবানী সম্পাদনের সুযোগ সীমিত হয়ে গেছে এবং ইহরাম থেকে হালাল হওয়ার সময়ের ব্যাপারে নিশ্চিত হওয়া মুশকিল হয়ে গেছে। এমতাবস্থায় হাজী সাহেবগণের প্রতি কি নির্দেশনা?
উত্তর
বিসমিহী তা'আলা
হানাফী মাযহাবের অগ্রগণ্য মতানুসারে হজ্জ্বে তামাত্তু ও কিরানে পাথর নিক্ষেপ, কুরবানী ও মাথা মুণ্ডানো এ তিনটি কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব এবং ধারাবাহিকতা ঠিক না রাখলে দম দিতে হয়। তবে ইমাম আবু ইউসুফ রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. (সাহেবাইন রহ.) এর মতে এই ধারাবাহিকতা সুন্নাত, অর্থাৎ সম্ভাব্য ক্ষেত্রে বজায় রাখা উচিত। তবে কখনো ভঙ্গ হলে দম ওয়াজিব হবে না। (সহীহ মুসলিম হাদীস নং: ১৩০৫, মানাসিকে মুল্লা আলী কারী পৃ.৩৫৮, জামিউস সগীর মাআ শরহিহী: ১/৪৭১, মাসআলা নং ২১৪,)
সুতরাং বর্তমানে সৌদি সরকার কর্তৃক হাজীদের কুরবানী করে দেওয়ার উদ্ভূত নিয়মের দরুণ হানাফী মাযহাবের হাজী সাহেবদের উপরোক্ত ধারাবাহিকতা ক্ষুন্ন হওয়ার আশংকা থাকলেও অপারগতাবশত আবূ ইউসুফ রহ. ও মুহাম্মাদ রহ. এর মতানুযায়ী হাজী সাহেবদের হজ্ব ত্রুটিমুক্ত গণ্য হবে।
তথাপি সতর্কতাবশত যথাসম্ভব কুরবানীর জন্য প্রতিশ্রুত সময় থেকে ২/৩ ঘন্টা দেরী করে চুল কাটার চেষ্টা করা এবং উল্লিখিত আমলত্রয়ে ধারাবাহিকতা ক্ষুন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আর্থিক সামর্থ থাকলে দম দিয়ে দেওয়া ভালো। যাতে করে হানাফী মাযহাবের অগ্রগণ্য মতানুসারেও তার হজ্ব ত্রুটিমুক্ত হয়ে যায়। (গুনয়াতুন নাসেক, পৃ:৩৭৫, ফাতাওয়ায়ে শামী ২/৫৫৭, বাহরুর রায়েক ৩/৪০ ফাতাওয়া দারুল উলুম যাকারিয়্যা ৩/৪৪৭, নুজামুল ফাতাওয়া ৩/৬১০, কিতাবুন নাওয়াযেল ৭/৫৫৭)
আল্লাহ তা'আলা সকল হাজী সাহেবের হজ কবুল করুন এবং তাদের ইবাদতসমূহ সহজ করে দিন। আমীন।