ঝগড়া মিটাতে করনীয়

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২সুন্নত, বান্দার হক, বিবাহ তালাক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমাদের সমাজে পুত্রবধু ও শাশুড়ীর মাঝে বিরাট দ্বন্দ থাকে। এর মূল কারন হলো দীন সম্পর্কে অজ্ঞতা। শাশুড়ী মনে করে পুত্রতো আমার গোলাম আর পুত্রবধু তো তার গোলাম তাহলে পুত্রবধু হলো গোলামের গোলাম। আমি যেভাবে ইচ্ছা সেভাবে তাকে দিয়ে কাজ করাবো। অথচ শরী‘আত শাশুড়ীর খিদমত করা পুত্রবধুর দায়িত্বে রাখেনি। দায়িত্ব তার সন্তানের। সন্তান হয়তো নিজে করবে বা অন্য লোক দিয়ে করাবে। পুত্রবধু যদি সেচ্ছায় কিছু করে দেয় তাহলে এটা তার অনুগ্রহ। তাকে জোর করে কোন কাজ কারানো বৈধ না। তবে পুত্রবধুর উচিৎ মুরব্বিদের খিদমত করা। তাদের সন্তুষ্ট রাখলে আল্লাহ তা‘আলা তার দুনিয়াবী জীবনে বরকত ঢেলে দিবেন। সে সুখময় জীবন যাপন করতে পারবে। এজন্য শাশুড়ী মনে করবে সে আমার মেয়ে। আর পুত্রবধু মনে করবে তিনি আমার আপন মা। একে অন্যকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে আর কোন ঝগড়া থাকবে না।