অবস্থা বুঝে কথা বলা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শিক্ষকের দায়িত্ব ছাত্রের মনোভাব বুঝে কথা বলা, দেখতে হবে সে মাটির কোন স্বভাব পেয়েছে। সে অনুসারে তার সাথে আচরণ করা। অন্যথায় উস্তাদ তার তালিম-তারবিয়াত, শিক্ষা-দিক্ষা দিতে ব্যর্থ হবেন। যাকে বলে, স্থান-কাল-পাত্র বিবেচনায় কথা বলা। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের এক নেতা এসেছিল। সে ঐ গোত্রের লোক যারা বাইতুল্লায় কুরবানীর জন্য প্রেরিত পশুগুলোর অত্যান্ত সম্মান করতো। হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, কুরবানীর পশুগুলো লাইনে দাড় করিয়ে দেয়ার জন্য। সাহাবা কেরাম তাই করলেন। সে এ-দৃশ্য দেখেই কাঁদতে কাঁদতে ফিরে গিয়ে কুরাইশদের বললো, এরা কুরবানীর পশু নিয়ে বাইতুল্লায় যাবে। এদেরকে বাধা দেওয়া যাবে না। তাকে মুখে কিছু বলতে হলোনা, শুধু একটু হিকমত খাটিয়ে কাজ করা হলো।