ইংরেজী শিক্ষার কুফল

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৬দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

ইংরেজী শিক্ষায় শিক্ষিত আধুনিক সমাজের মুসলিম সন্তানদের বাস্তব চিত্র বড়ই বেদনাদায়ক ও করুণ। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সব কিছু হচ্ছে, কিন্তু প্রকৃত মুমিন হতে পারছে না। ইসলামের মোটা মোটা বিষয়ের ব্যাপারেও তারা দারুণ অজ্ঞ। কুরআনে কারীমের একটি আয়াতও তাদের অনেকে সহীহ করে পড়তে জানে না। তাদের কেউ যদি ইসলাম সম্পর্কে সহীহ কোন ধারণা রাখে, তাহলে বুঝতে হবে-সেটা ঐ ইংরেজদের সিলেবাসের বদৌলতে নয়, বরং অন্যভাবে সে নিজে তা আয়ত্ব করেছে, বা তার দ্বীনদার পিতা-মাতা এটা শেখার ব্যবস্থা করেছেন। উযূ-গোসল, নামায ইত্যাদির ন্যায় দৈনন্দিন করণীয় বিষয়ের মাসাইলও তাদের জানা নেই। শুকরিয়ার কথা হচ্ছে-কওমী মাদরাসা লাইনের একটি ছোট্ট শিশুও সেগুলো অনায়াসে বলতে পারে।

বলা বাহুল্য, আধুনিক শিক্ষা মুসলিম সন্তানদের জীবনকে ষোল আনাই মিছে করে দিচ্ছে। যদিও তারা তা বুঝতে পারছে না। হ্যাঁ, কিছু দিনের মধ্যে যখন তাদের জীবনতরী কবর সাগরে তলিয়ে যাবে, তখন এসব কথা তাদের বুঝে আসবে। কিন্তু তখন জীবনকে রক্ষা করার কোন ব্যবস্থা তাদের সামনে থাকবে না।