একটি প্রশ্ন ও তার উত্তর
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ইরশাদ করেন, হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দু‘আ اللهم ايد الاسلام باحد العمرين “হে আল্লাহ তুমি উমর ইবনে খাত্তাব অথবা আমরের (আবু জেহেল) মধ্য হতে কোন একজনের দ্বারা ইসলামকে শক্তিশালি করো। প্রশ্ন জাগে হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়ার জন্য প্রেরন করা হয়েছে, সকলের হিদায়াতের যিম্মাদারী দেয়া হয়েছে কিন্তু তিনি দু‘আ করলেন, হে আল্লাহ তুমি দুজনের কোন একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালি করো। তিনি উভয়ের হিদায়াতের দু‘আ করতে পারতেন। তাহলে উভয়ে হিদায়াত পেয়ে যেত। তাহলে আর কেউ ইসলামের দুশমনি করার সাহস পেত না। তিনি শুধু একজনের জন্য দু‘আ কেন করলেন?
এর উত্তর হলো, নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার ইচ্ছা জানতেন। আল্লাহ তা‘আলার বিধান হলো, হক বাতিল একসঙ্গে দুনিয়াতে থাকবে, যেন মানুষের মাঝে পার্থক্য হয়ে যায়, কে হক্ব গ্রহণ করে আর কে বাতিলের পক্ষ অবলম্বন করে? এখন যদি উভয়েই ইসলাম গ্রহণ করে তাহলে তো কোন বাপের বেটা থাকবে না যে ইসলামের দুশমনি করবে। সকলে ভয়ে ইসলাম গ্রহণ করতো। তখন সত্যিকারের মুমীন আর জান বাচাঁনো মুমীনের মাঝে পার্থক্য করা সম্ভব হতো না। তাই নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার চির চরিত বিধানের প্রতি লক্ষ রেখে উভয়ের হিদায়েতের দু‘আ করেন নি।