দাঈর সহায়তা আল্লাহর দায়িত্ব

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২কুরআন ও তাফসীর

আয়াতঃ

 اقرأ باسم ربك الذى خلق، خلق الانسان من علق ، اقرأ وربك الاكرم، الذى علم بالقلم، علم الانسان مالم  يعلم، 

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর উপর সর্ব প্রথম এই আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু এই আয়াতে কোন বিধি বিধান বর্ণনা করেন নি, বরং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা প্রদান করেছেন যে, নবুওয়াতের এ গুরুগাম্ভীর কঠিন দায়িত্ব দেখে আপনি ঘাবড়াবেন না।

১. রব শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে প্রত্যেক জিনিসকে তার শুরু হতে শেষ পর্যন্ত ধিরে ধিরে পূর্ণতায় পৌছানো, প্রতিপালন করা। আর তিনি যখন আপনার প্রতিপালনের দায়িত্বভার গ্রহণ করেছেন তাহলে আপনার নবুওয়াতের দায়িত্ব পালনেও সহায়তা করে পূর্ণতায় পৌঁছাবেন।

২. الذى خلق যিনি আপনাকে সৃষ্টি করেছেন তথা আপনার অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করেছেন, তিনি আপনার উপর অর্পিত দায়িত্ব আঞ্জাম দিতেও সক্ষম।

৩. من علق সৃষ্টি করেছেন জমাটবাধা নাপাক পানি থেকে যিনি জমাটবাধা নাপাকি থেকে মানুষকে তৈরি করতে পারেন, তিনি দায়িত্ব পূর্ণ করাতেও পারেন।

৪. علم তিনি শিখিয়েছেন। যিনি অজ্ঞকে জ্ঞান দিতে জানেন তিনি তার সকল কাজ করে দিতেও জানেন।

৫. بالقلم কলম দ্বারা, বাশের তৈরি এক জড় পদার্থকে যিনি এত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে তার মর্যাদা বৃদ্ধি করতে পারেন তিনি আপনার দায়িত্ব পালনের সকল ব্যবস্থা করে দিতে পারেন। এভাবে প্রতিটি শব্দে শব্দে আল্লাহ তা‘আলা নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে অভয়  দিয়েছেন যেন তিনি অকুতভয়ে দায়িত্ব পালন করতে সক্ষম হন। এ-দ্বারা প্রতিয়মান হয়, যখনই কেউ দীনের দায়িত্ব আঞ্জাম দিবে, দাওয়াতের কাজ করবে আল্লাহ তা‘আলা তাকে সাহায্য করবেন।

দাঈর সহায়তা আল্লাহর দায়িত্ব | ইসলামী যিন্দেগী