স্বামীর বাড়িই নিজের বাড়ি

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২বিবাহ তালাক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মহিলাদের একটি ভুলের কারনে পরিবারে বনাবনি হয় না। যদি একটি ভুল ধারনা ঠিক হয়ে যেত, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এক মহিলা  আমার সাথে ইসলাহী সম্পর্ক রাখে। এক দিন চিঠি পাঠালো যে, আমি আমার স্বামীর ভক্তি শ্রদ্ধা করি, খেদমত করি। কিন্তু তিনি আমাকে আমার বাড়িতে যেতে অনুমতি দেন না, আমি কী স্বামীর অনুমতি ছাড়া আমার বাড়িতে যেতে পারব ?

আমি তার উত্তরে লিখলাম, আমি খুবই দুঃখিত যে আপনি এত দিন আমার সাথে ইসলাহী সম্পর্ক রাখেন কিন্তু আমি আপনাকে আপনার নিজের বাড়ি কোনটি তা বুঝাতে সক্ষম হইনি। প্রথমে আপনার জানা জরুরী যে, আপনার নিজের বাড়ি কোনটি ?

মেয়েরা যখন থেকে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন থেকে তার সবচেয়ে আপন হল স্বামী। আর বাপ-মা, ভাই, বোন সবাই পর। এখন থেকে সারা জীবন কাটাবেন স্বামীর সাথে। মৃত্যুর সময় মুখে পানি দেবে স্বামীর বাড়ির লোকেরা। তারাই কাছে-থাকবে। দাফনও হবে সেখানে। এই একটি সত্য কথা না বুঝার দরুন স্বামী-স্ত্রীর বনাবনী হয় না। মনোমালিণ্যতা লেগে থাকে। মহিলারা যত দিন পর্যন্ত স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করতে না পারবে, ততোদিন পর্যন্ত তাদের সংসারে শান্তি আসবে না।