সুন্নতের দ্বারা নিরাপত্তা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যখন কেউ সুন্নতের উপর আমল করে তখন আল্লাহ তাকে এমনভাবে গুনাহ থেকে হেফাজত করেন যেমন মা তার সন্তানকে বিপদ থেকে রক্ষা করেন। মা যেমন তার ছোট্ট ছেলের কথা ভেবে ঘরের ধারালো দা-বঠি, ছুরি ইত্যাদি দুরে সরিয়ে রাখেন, ঠিক তেমনি আল্লাহ তা‘আলাও সুন্নতের উপর চলনেওয়ালার জন্য গুনাহকে দূরে রাখেন। সন্তান যদি ধারালো দা-বঠি, ছুরি দেখে ফেলে তো সে ওটা নিতে চায়, মা দেয় না। মা যেন না দেখতে পায় তাই ছেলে লুকিয়ে ঐ ছুরি হাতিয়ে নেয়। কিন্তু মা দেখতে পাওয়া মাত্রই তা জোর করে ছেলের কাছ থেকে ছিনিয়ে নেন। আর যদি ছেলে মায়ের দেখার আগেই ছুরি দিয়ে হাত-পা কেটে ফেলে, মা দেখা মাত্রই তাকে সুস্থ করার জন্য মলম, ঔষধ ইত্যাদির ব্যবস্থা করেন। ঠিক তেমনি আল্লাহ তা‘আলাও সুন্নতের উপর চলনেওয়ালাকে জোর করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। তিনি গুনাহ করতে চাইলেও আল্লাহ দেন না। আল্লাহ না করেন কেউ যদি কোন গুনাহ করেও ফেলে, আল্লাহ তাকে তাওবা করার তাওফীক দিয়ে গুনাহমুক্ত করেন।