তাওবার জন্য জরুরী তিন শর্ত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, তাওবার জন্য জরুরী হল, তিন শর্ত আদায়ের সাথে সাথে উক্ত গুনাহর জন্য শরী‘আত কর্তৃক নির্ধারিত যে সব কাফফারা রয়েছে সেগুলিও পূর্ণ করা। যেমন, নামায-রোযা আদায় না করে থাকলে তা আদায় করতে হবে। কারো হক নষ্ট করে থাকলে তাকে তা ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। এ ব্যাপারে হযরতওয়ালা রহ. ফুযাইল ইবনে ইয়াজের ঘটনা শুনান যে, প্রথম জীবনে তিনি ডাকাত সর্দার ছিলেন। পরবর্তিতে তাওবা করে যার নিকট থেকে যা কিছু লুট করেছিলেন তাকে তা ফেরৎ দিয়ে নির্জনে চলে যান এবং সেখানে বুযুর্গদের সুহবতে থেকে যুগশ্রেষ্ঠ বুযুর্গে পরিণত হন। হযরত থানভী রহ. এর জনৈক মুরীদ যিনি সরকারী অফিসার ছিলেন, তার ঘটনা শুনুন, তিনি চাকুরীরত অবস্থায় মানুষের নিকট ঘুষ থেকে নিয়েছিলেন যার পরিমাণ ছিল ছয় হাজার টাকা। পরবর্তিতে নিজের ভুল বুঝতে পেরে তিনি হযরত থানভী রহ. এর হাতে তাওবা করেন এবং হযরত থানভী রহ. এর পরামর্শে সবাই কে যার যার প্রাপ্য বুঝিয়ে দেন। এভাবে হারাম পয়সা যখন বের হয়ে গেল তখন তাঁর হজ্জ্ব নসীব হল। হজ্জ্বে গিয়ে তিনি দাড়িও রেখে দিলেন আর কুরআন হিফজ করতে শুরু করলেন। অতঃপর হযরত থানভী রহ. এর সুহবতে থেকে হযরত থানভীর বিভিন্ন মাসআলা ও সমস্যাসমূহের দেয়া উত্তরগুলো একত্রিত করে ‘আশরাফুল জওয়াব’ নামে একটি চমৎকার কিতাব সংকলন করে ফেললেন।