যদি বাবার বাড়ী যাও তাহলে তিন তালাক বলা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার গ্রামে এক পরিবারে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী ক্রোধান্বিত হয়ে স্ত্রীকে বলল, “তুমি যদি তোমার বাবার বাড়ী যাও তাহলে তিন তালাক”। বর্তমানে স্ত্রী তার বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এমতাবস্থায় উক্ত স্ত্রীর জন্য তার বাবার বাড়ী যাওয়ার কোন পথ আছে কি?

উত্তর

বর্ণনা অনুযায়ী উক্ত স্ত্রী বাবার বাড়ী যাওয়া মাত্রই তার উপর তিন তালাক পতিত হবে এবং স্বামীর জন্য উক্ত স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। এ ক্ষেত্রে তিন তালাক থেকে বাঁচার উপায় হচ্ছে এই যে, স্বামী এ মুহূর্তে স্ত্রীকে এক তালাকে বায়িন দিয়ে দিবে। আর এ তালাকের ইদ্দত শেষ হওয়ার পর স্ত্রী তার বাবার বাড়ী যাবে। তখন ইদ্দত পালিত হওয়ায় সে আর উক্ত স্বামীর স্ত্রী থাকবে না। সুতরাং, এমতাবস্থায় তালাক পতিত হওয়ার শর্ত পাওয়া গেলেও স্ত্রী বিদ্যমান না থাকায় তার উপর তালাক পড়বে না। পরে স্বামী উক্ত স্ত্রীর সাথে দুই জন স্বাক্ষীর সামনে নতুনভাবে মোহর ধার্য করে-বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তারপরে স্ত্রী বাবার বাড়ীতে গেলেও স্বামীর আগের কথার কারণে তার উপর কোন প্রকার তালাক পড়বে না।

[প্রমাণঃহিদায়াহ, ২:৩৮৫, ২:৩৯৯ # জাওয়াহিরুল ফিক্বহ, ৪:২৩১]

যদি বাবার বাড়ী যাও তাহলে তিন তালাক বলা | ইসলামী যিন্দেগী