স্ত্রী কতৃক স্বামীকে ডিভোর্স করা

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি বিবাহ করেছি দশ বছর হয়েছে। আমার ঘরে দু’জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। কিছুদিন আগে জানতে পারলাম যে, ইতি পূর্বে আমার স্ত্রীর আরেকটি বিবাহ হয়েছিল এবং সে তার পূর্ববর্তী স্বামীকে কোর্টে তালাক দিয়েছে। তার পরই আমার সাথে বিবাহ হয়েছে। আমার প্রশ্ন হল যে, আমার সাথে তার বিবাহ সহীহ হয়েছে কি-না ?

উত্তর

শরী‘আতে তালাক দেয়ার অধিকার একমাত্র স্বামীকে দেয়া হয়েছে। স্ত্রীর জন্য স্বামীকে তালাক দেয়ার অধিকার দেয়া হয়নি। তবে স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দেয়, তাহলে স্ত্রী নিজের উপর স্বামীর দেয়া ইখতিয়ার অনুযায়ী তালাক গ্রহণ করতে পারে। যাকে তালাকে তাফবীয বলা হয়।

স্বামী যদি পুরুষত্বহীন হয় বা শর‘ঈ কোন দোষে দোষী প্রমাণিত হয়, যার ফলে স্ত্রী তার সাথে ঘর-সংসার করতে অপারগ হয়, তাহলে স্ত্রী মুসলিম জর্জের নিকট বা মুফতী বোর্ডের নিকট মুকাদ্দামা দায়ের করবে। তার পর জর্জ বা মুফতী বোর্ড ইসলামের বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদ করে দিবে। মোটকথা, স্বামীর তালাক দেয়া ছাড়াও বিবাহ বিচ্ছেদের কতিপয় পন্থা আছ। তবে স্ত্রী স্বামীকে কোন অবস্থায় তালাক দিতে পারে না। আর স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়া হলেও তা বেকার বলে গণ্য হবে।

এখন আপনার স্ত্রী আগের স্বামী থেকে কিভাবে তালাক নিয়েছে এর বিস্তারিত বিবরণ জানতে হবে অন্যথায় আপনার সাথে উক্ত মহিলার বিবাহ জায়েয হয়েছে কি-না, এসব ব্যাপারে ফায়সালা দেয়া সম্ভব নয়। সুতরাং, আপনি এ বিষয়টি সম্পর্কে ভালভাবে খোঁজ-খবর নিয়ে আমাদেরকে বিস্তারিত অবগত করে তারপর হুকুম জেনে নিন।

[প্রমাণঃ সূরা নিসা ৩৪ #তাফসীরে রুহুল মা’আনী ৩:২৩ #হিদায়া ২:৩৭৬ #ফাতওয়া দারুল উলূম ৯:৪২ #ফাতওয়া মাহমূদিয়া ১০:৪৩৭, #জাওয়াহিরুল ফাতওয়া ১:৩২৮]

স্ত্রী কতৃক স্বামীকে ডিভোর্স করা | ইসলামী যিন্দেগী