আপনজনের ইন্তেকালে সমবেদনা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

আপনজন মারা গেলে অনেকে অধৈর্য হয়ে যায়, পেরেশান হয়ে যায়। তাদেরকে সান্তনা দেয়ার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-এর পক্ষ থেকে কোন বাণী আছে কিনা? জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর

মৃত ব্যক্তির আপনজনের প্রতি সান্তনা ও সমবেদনা প্রকাশ করার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-এর থেকে হাদীস বর্ণিত আছে। হযরত মু‘আয ইবনে জাবাল রাযি. থেকে বর্ণিত আছে যে, তার এক পুত্র সন্তান মারা গেলে নবী করীম ﷺ এই সমবেদনা পত্র লিখেন:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহর রাসূল মুহাম্মদ ﷺ-এর পক্ষ থেকে মু‘আয ইবনে জাবালের নামে। তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি তোমার কাছে আল্লাহর প্রশংসা করছি, যিনি ছাড়া কোন মা‘বূদ নাই। তারপর এই কামনা করছি যে, আল্লাহ যেন তোমাকে বিরাট বিনিময় দান করেন এবং ধৈর্য ধারন ও আল্লাহর শুকরিয়া আদায় করার তাওফীক দান করেন। আমাদের জীবন, আমাদের ধন-সম্পদ এবং আমাদের পরিবার-পরিজনে আল্লাহ সুখ দান করেন এবং জীবন আল্লাহ প্রদত্ত ক্ষণস্থায়ী আমানত। (তোমার পুত্রও একটি আমানত বিশেষ ছিল) আল্লাহ তোমাকে তার দ্বারা খুশী এবং ঈর্ষণীয় সুখ দান করেছেন এবং এখন বিরাট পুণ্যের বিনিময়ে তাকে তোমার নিকট থেকে উঠিয়ে নিয়েছেন। তুমি যদি পুণ্যের প্রত্যাশায় ধৈর্য ধারন কর, তাহলে বিরাট পুরষ্কার, অশেষ অনুগ্রহ এবং হিদায়াত তোমার জন্য থাকবে। তোমার অস্থিরতা ও হা-হুতাশ যেন তোমার পুরষ্কারকে বিনষ্ট করে না দেয়। এমন করলে তুমি অনুতপ্ত হবে। মনে রাখবে অস্থিরতা কোন মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে না এবং কোন শোককে দূর করতে পারে না। যা হবার তা হয়েই গিয়েছে। ওয়াসসালাম।

اذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم. لكن يكره الافراط في مجحه لاسيما عند جنازته تعزية اهله وترغيبهم في الصبور. (الدر المختار:2/239)

আপনজনের ইন্তেকালে সমবেদনা | ইসলামী যিন্দেগী