চিংড়ি মাছ খাওয়া
প্রশ্ন
আমাদের ক্লাসে এক ছাত্র বলে চিংড়ি মাছ খাওয়া মাকরূহ। আরো বলে যে বাঙ্গালীদের জন্য নাকি জায়িয। এই কথা কুরআন ও হাদীসে আছে কি-না? জানতে ইচ্ছুক।
উত্তর
চিংড়ি মাছ খাওয়া শরী‘আত অনুযায়ী মাকরূহ নয়। বরং চিংড়ি মাছ খাওয়া জায়িয ও হালাল। আর এ হুকুম শুধু বাঙ্গালীদের জন্য নয় বরং সমস্ত বিশ্ববাসীর জন্য প্রযোজ্য।
এর স্বপক্ষে কুরআন ও হাদীসে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অসংখ্য প্রমাণাদি রয়েছে। যেমন, আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, তোমাদের জন্য সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারার্থে। মুফাসাসিরীনগণ সমুদ্রের শিকার দ্বারা যে কেবল মাছ উদ্দেশ্য ঐ কথার উপর ঐক্যমত পোষণ করেন।
আর চিংড়ি মাছ হওয়ার ব্যাপারে অধিকাংশ মাছ বিশেষজ্ঞগণ এবং ভাষাবিদগণ একমত পোষণ করেন। সুতরাং চিংড়ি মাছ খাওয়া যে হালাল তা কুরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। এছাড়া হাদীস থেকে এর প্রমাণ পাওয়া যায়। যেমন, একদল সাহাবায়ে কিরাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রের পানি এবং মাছ সম্পর্কে কয়েকবার প্রশ্ন করলে, তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই জবাব দিলেন সমুদ্রের পানি পাক এবং মাছ হালাল।
তাছাড়া ফেকাহাবিদগণের মতে সকল প্রকার মাছ পাক এবং হালাল।
শামসুল আইম্মা সারাখসী মাবসূত নামক গ্রন্থে লিখেন, সকল প্রকার মাছ খাওয়া হালাল এবং খাদ্যের উপযোগী। এটা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল ﷺ দ্বারা প্রমাণিত। [প্রমাণঃ আহকামুল কুরআন আল-মাবসুত ২১/২৩; বাদায়েউস সানায়ে ৫:৩৬]