ছোট বাচ্চাদের সম্পদ সাংসারিক কাজে ব্যয় করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

ছোট বাচ্চাদেরকে আত্মীয়স্বজন কর্তৃক যে সমস্ত জিনিষ হাদিয়া দেয়া হয়, যেমন, টাকা-পয়সা, কাপড়-চোপড় ইত্যাদি। তার পিতা-মাতা সেই টাকা-পয়সা সাংসারিক কাজে খরচ করতে পারবে কিনা এবং তার কাপড়-চোপড় ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে পিতা মাতা বা অন্য মুরুব্বীগণ তা দান করে দিতে পারবে কিনা?

উত্তর

ছোট বাচ্চাদেরকে আত্মীয়-স্বজন বা অন্য কেউ যে টাকা-পয়সা, কাপড়-চোপড় হাদিয়া দেয় তার মালিক স্বয়ং ঐ বাচ্চাই। অনুরূপভাবে পিতা-মাতা সন্তানদেরকে যে পোশাকাদি বানিয়ে মালিকানা দিয়ে দেন, তার মালিকও ঐ সন্তানরা। ছোট বাচ্চা যেমনিভাবে নিজের সম্পদ অন্যকে দিতে পারে না, অনুরূপভাবে ছোট নাবালিগ বাচ্চাদের সম্পদ তার মুরুব্বীগণও কাউকে দিতে পারবেন না বা দান করতে পারবেন না। এমনকি অন্য লোককে ঋনও দিতে পারবেন না। পিতা-মাতা বা মুরুব্বীগণ শুধু উক্ত সম্পদ হিফাজত করবেন। আর বাচ্চার বিশেষ প্রয়োজনে খরচ করতে পারবেন।

সুতরাং, উল্লেখিত অবস্থায় ছোট শিশুর সম্পদ, কাপড়-চোপড়, টাকা-পয়সা পিতা বিনা অপারগতায় সংসারে ব্যয় করতে পারবেন না। এজন্য পিতার কর্তব্য যে, ছেলেদের ব্যবহারের জন্য যে সব জিনিষ পত্র দিবেন তা শুধু ব্যবহারের জন্যই দিবেন, মালিক বানিয়ে দিবেন না। যাতে প্রয়োজনের সময় অন্যকে দেয়ার অধিকার তার হাতেই থাকে। [ প্রমাণঃ আদ দুররুল মুখতার ৫:৬৯৬ #বেহেস্তী জেওর ৫:৪৬]

ছোট বাচ্চাদের সম্পদ সাংসারিক কাজে ব্যয় করা | ইসলামী যিন্দেগী