এক স্ত্রীর সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৩ আগস্ট, ২০২৫মিরাস বন্টন, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

এক ব্যক্তির দুটি সন্তান ছিল। সে তার সমুদয় সম্পত্তি দুই সন্তানের মাঝে বন্টন করে দিয়েছে। ইতিমধ্যে তার স্ত্রী মারা গেলে সে অন্যত্র বিবাহ করেছে এবং উক্ত স্ত্রীর গর্ভ থেকে সন্তানও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে জম্মগ্রহণকারী সন্তানও, প্রথম স্ত্রীর সন্তানদেরকে দেয়া সম্পত্তি থেকে কোন অংশ পাবে কি-না? উল্লেখ্য যে বর্তমানে এ সন্তানদের পিতাও ইন্তিকাল করেছেন।

উত্তর

প্রশ্নে উল্লেখিত হেবাকারী ব্যক্তি যদি উক্ত সম্পদ হেবা সূত্রে ছেলেদেরকে বুঝিয়ে হস্তান্তর করে দেয়ার পর ইন্তিকাল করে থাকে, তাহলে প্রথম স্ত্রীর সন্তানদের নিকট থেকে হেবাকৃত সম্পদ ফিরিয়ে নিয়ে দ্বিতীয় স্ত্রীর সন্তানকে দেয়া জায়িয নয় এবং দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রীর সন্তানদের থেকে হেবাকৃত জিনিসের কোন অংশই দাবী করতে পারবে না। তবে প্রথম স্ত্রীর সন্তানরা দ্বিতীয় স্ত্রীর সন্তানদেরকে স্বেছায় কিছু দিতে চাইলে তা দিতে পারবে এবং তা নতুন হেবা হিসেবে গণ্য হবে। আর এটা তাদের নৈতিক দায়িত্বও বটে। এর দ্বারা তারা পিতার এক বিরাট হক আদায় করতে সক্ষম হবে। শুধু তাই নয় বরং সৎ ভাইদের সাথে ‘সিলাহ রেহমী’-এর দায়িত্বও আদায় করা হবে। সুতরাং, পিতার আত্মাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে এটা তাদের করাই উচিত।

আর যদি উক্ত সম্পত্তি কেবল ক্রয় করে তাদের নামে রেজিষ্ট্রি করে থাকে এবং তাদের বুঝিয়ে না দিয়ে থাকে, তাহলে এই হেবা সহীহ হয়নি। সেক্ষেত্রে এ সম্পত্তির মধ্য থেকে মৃত পিতার সকল ওয়ারিশগণ পরিত্যক্ত সম্পত্তির মধ্য থেকে তাদের নির্ধারিত অংশ পাবে। অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণকারী সন্তানরাও প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে পরিত্যক্ত সম্পত্তিতে অংশীদার হবে। [প্রমাণঃ আদ দুররুল মুখতার, ৫:৬৮৮ ৬৯৮ ও ৭০১, #ইমদাদুল ফাতাওয়া ৩:৪৭৪, #মিশকাত শরীফ, ২:৪১৯- ৪২০]