পর পুরুষদের সাথে দেখা দেওয়া
প্রশ্ন
স্ত্রীর জন্য তার দেবর, ভাশুর, ননাসের জামাই এবং ননদের জামাই-এদের সাথে দেখা দেয়া ঠিক হবে কি? স্ত্রী যদি দেবর, ভাশুরদের সাথে দেখা দেয় এবং তাদের সাথে কথা বললে স্বামী যদি কোন আপত্তি না করে বা স্বামী যদি তাদেরকে স্ত্রীর কাছে আসতে বাধা না দেয়, তাহলে স্বামীও কি আজাব ভোগ করবে?
উত্তর
পর্দা একটি গুরুত্বপূর্ণ ফরয। পুরুষদের জন্যে যেমন বেগানা মহিলার সাথে বেপর্দা দেখা-সাক্ষাৎ হারাম, তেমনিভাবে মহিলাদের জন্যেও বেগানা পুরুষদের সাথে বেপর্দা দেখা-সাক্ষাৎ হারাম। একদা রাসূলুল্লাহ ﷺ সাহাবায়ে কিরামকে পর্দার গুরুত্ব বুঝান, যার ফলে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ﷺ, দেবর-ভাশুরের সাথে দেখা দেয়ার ব্যাপারে আপনার কি মত? তদুত্তরে রাসূলুল্লাহ ﷺ বললেন, দেবর-ভাশুর তো মৃত্যু সমতুল্য। অর্থাৎ, তাদের সাথে দেখা দেওয়া তো আরো অধিক মারাত্মক আপরাধ। মৃত্যু যেমন কখন আসে ঠিক নেই, মানুষের সম্পূর্ণ অজান্তেই এসে পড়ে তেমনিভাবে মানুষ বেপর্দার কারণে কখন কি করে বসে তারও ঠিক নেই। এছাড়াও মৃত্যুতুল্য বলার আরেকটি অর্থ হল, মৃত্যুকে যেমনি মানুষ ভয় পায় তেমনি দেবর-ভাশুরকেও ভয় পাওয়া উচিত।
সূতরাং, কোন স্ত্রীর জন্য দেবর-ভাশুরদের সাথে বেপর্দা ভাবে দেখা-সাক্ষাৎ করা সম্পূর্ণ হারাম ও নাজায়েয। চাই স্বামীর পক্ষ থেকে অনুমতি থাকুক বা নাই থাকুক। তবে যদি স্বামীও এ অনুমতি দেয়, তাহলে সে ক্ষেত্রে স্বামীও উক্ত গুনাহের অংশীদার হবে। যারা আল্লাহ তা‘আলার এই মহান বিধানকে লংঘন করবে, দুনিয়াতেও অনেকে সমস্যার সম্মুখীন হবে। আর পরকালে জান্নাতের গন্ধও পাবে না। তেমনিভাবে যে লোক তার অধিনস্থ তথা তার স্ত্রী মেয়ে ও বোনদেরকে বেপর্দা চলা-ফেরা থেকে বাধা দেয় না, হাদীসের ভাষায় সে দাইয়ূস এবং সে জান্নাতে প্রবেশ করবে না। (প্রমাণঃ #বুখারী-২:৭৮৭)