দাড়ি মুণ্ডানো
প্রশ্ন
আমার বয়স ১৭ বছর। আমি ছোটবেলা থেকেই নিয়্যাত করেছি যে দাড়ি রাখবো। কিন্তু আমার দাড়ি খুবই পাতলা হয়ে গজিয়েছে। দেখতে খুবই বিশ্রী দেখা যায়। এমতাবস্থায় আমি দাড়ি সেভ করলে এবং কিছুদিন পরে দাড়ি রাখলে কি গুনাহ হবে?
উত্তর
চার মাযহাবের সকল মাযহাব মতেই দাড়ি রাখা ওয়াজিব। ইহা ইসলামের নিদর্শন ও শি’আর। আর কেটে ছেটে এক মুষ্টির কম করা বা এক মুষ্টির আগেই কাটা-ছাটা, মুণ্ডানো সম্পূর্নরূপে হারাম ও কবীরা গুনাহ। চাই তা ঘন করার উদ্দেশে হোক বা সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যই হোক বা অন্য কোন কারনে হোক। দাড়ি পুরুষ মানুষের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে ও চেহারায় পৌরুষত্ব ফুটিয়ে তোলে। ইহা কোন বিশ্রীর কারণ হতে পারে না। চাই তা পাতলা হোক বা ঘন দাড়ি হোক। তাছাড়া এ ধরনের পাতলা দাড়ি অনেক সময় সেভ করা ছাড়াই আস্তে আস্তে ঘন হয়ে যায়। সুতরাং সেভ করার কোন অনুমতি নেই। এ ছাড়া আপনার বয়স মাত্র সতের। দাড়ি গজানো মাত্রই তো ঘন হয়ে যাবে না কিংবা ২/৩ মাসেই ঘন হয়ে যাবে না। বরং ধীরে ধীরে ২/৩ বছরের মধ্যে দেখবেন দাড়ি ঘন হয়ে গেছে। ক্ষেত্র বিশেষ ৫/৭ বছরও লেগে যায়। তা সেভ করা ছাড়াই হবে।
এছাড়াও দাড়ি পাতলা বা কম হলে অপেক্ষাকৃত কম সুন্দর হওয়া এটা খোদায়ী বিধান। সৃষ্টিগতভাবে আল্লাহ তা‘আলা যাকে সৌন্দর্য কম দান করেছেন এর প্রতি সবর করতে হবে। সবর করার পরিবর্তে সৌন্দর্য বাড়ানোর উদ্দেশে স্থায়ীভাবে বা সাময়িকভাবে দাড়ি মুণ্ডালে তা খোদায়ী কুদরতে হস্তক্ষেপ করার শামিল। যা কখনো জায়িয হতে পারে না। মানুষের জীবন-মরণের কোন নিদিষ্ট সীমা জানা নেই। আল্লাহ না করুক যদি আপনি দাড়ি মুণ্ডিয়ে ফের রাখার আগেই মৃত্যুবরণ করেন, তাহলে পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন? বেশী বেশী মৃত্যুকে স্মরণ করবেন। আল্লাহ ও তদ্বীয় রাসূলের বিধানের বড়ত্ব ও মহত্ব অন্তরে রাখতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, দাড়ি মুণ্ডানো সহ অন্যান্য গুনাহের ওয়াসওয়াসা কম হবে। যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা সহজ হবে। [বুখারী ২:৮৭৫, ফাতহুল বারী ১:৩৪৯, তিরমিযী ২:১০৫, ফাতাওয়া শামী ৬:৪০৭, ফাতাওয়ে আলমগিরী ৫:৩৫৮, জাওয়াহিরুল ফিকহ ২:৪১৭, আযীযুল ফাতাওয়া ১:২০২, আহসানুল ফাতাওয়া ২:২৮৭, ফাতাওয়া রাহীমিয়া ৬:২৩৬, ইমদাদুল ফাতাওয়া ৪:২২৩, ফাতাওয়া মাহমূদিয়া ৬:৩৫৯]