স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত
প্রশ্ন
রাহমানী পয়গাম অক্টোবর, ৯৯ সংখ্যায় কন্যা হিসেবে নারীর অধিকার প্রবন্ধে লেখিকা ডঃ হালিমা লিখেছেন, (১) স্বামীর পায়ের নীচেই আল্লাহ স্ত্রীর জন্য বেহেশত নির্ধারণ করেছেন, এটা আমার মতে সঠিক নয়। বিধায় এর ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।
উত্তর
স্বামীর পায়ের নীচেই আল্লাহ স্ত্রীর জন্য বেহেশত নির্ধারণ করেছে এ রকম কোন হাদীস আমাদের দৃষ্টিগোচর হয় নাই। হ্যাঁ, হাদীসে এমন পাওয়া যায়, নবী করীম ﷺ বলেছেন, যদি আমি কাউকে সিজদা করার আদেশ করতাম তাহলে মেয়েদেরকে বলতাম, তোমরা স্বামীদেরকে সিজদা কর। মূলতঃ এ সমস্ত কথা দ্বারা স্বামীর মর্যাদা ও অধিকারের গুরুত্ব বুঝানো হয়ে থাকে। এ কথাটিই স্পষ্টভাবে বুঝানোর জন্য কেউ বলেছেন যে, হ্যাঁ স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত। নতুবা হুবহু এ ধরনের কথা হাদীসে নাই এবং লেখিকাও হাদীস বলে দাবী করেন নাই।
তবে এ কথা অনস্বীকার্য যে, স্ত্রীর উপর স্বামীর হকের গুরুত্ব অপরিসীম। এমনকি স্বামীকে নারাজ করে স্ত্রীর জান্নাতে যাওয়াও কঠিন হবে। তেমনিভাবে কোন স্বামীর জন্য স্ত্রীর হক নষ্ট করে বা স্ত্রীর উপর জুলুম করে বেহেস্তে যাওয়াও কঠিন হবে। [প্রমাণঃ মিশকাত শরীফ, ২:২৮২, #মিরকাত- ৬:২৭২]