কুরআনে কারীম স্মরণ না থাকা
প্রশ্ন
আমি একজন হাফেজে কুরআন। ছাত্রজীবনে অনেক কষ্ট করে কুরআন হিফজ করেছি। বর্তমানে আমার কুরআন মুখস্ত থাকে না। অনেক কষ্টের পর মুখস্ত করলেও পরে ভুলে যায়। তাই কুরআন মুখস্ত থাকার জন্য রাসূলের যুগের কোন আমল আছে কিনা জানিয়ে কৃতার্থ করবেন বলে আশা করি।
উত্তর
গুনাহের কারণে স্মৃতিশক্তি হ্রাস পেয়ে যায়। তাই আপনার উচিত গুনাহের কাজ সম্পূর্ন পরিত্যাগ করা এবং বেশী বেশী তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে বেশী বেশী কান্নাকাটি করা। রমাযান মাসে কষ্ট করে কুরআন মুখস্ত করে কোন মসজিদে বিনা পয়সায় আপনার খতমে তারাবীহ পড়ানো উচিত। কুরআন শরীফ মুখস্ত করে ভুলে যাওয়া খুবই দুঃখজনক ব্যাপার। সুতরাং,আপনি উপরোক্ত পরামর্শ অনুযায়ী আমল করবেন বলে আশা করি। [মিশকাত ১:১৯০]
উল্লেখ্য যে, কুরআন মুখস্ত রাখার জন্য নিম্নোক্ত আমল কয়টি বিশেষ উপযোগী।
(১) প্রত্যহ ফজর ও মাগরিবের পর সূরা আর-রাহমানের চার আয়াত বিসমিল্লাহ সহ এগারো বার পাঠ করা।
(২) প্রত্যহ ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়ে বাম বুকের উপর ফুঁক দেয়া। তাছাড়া মিসওয়াক করা; মধুপান করা ও প্রত্যহ খালি পেটে একুশটি কিসমিস খাওয়ার দ্বারা স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।