নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাযির-নাযির কি না

প্রশ্ন

জনৈক মাওলানা সাহেব বলেছেন এবং ফাতওয়াও দিয়েছেন যে, নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাযির-নাযির। এটাই তিনি বিশ্বাস করেন। এ ফাতওয়াটা কতটুকু সত্য? হানাফী মাযহাব অনুযায়ী বিস্তারিতভাবে জানালে অত্র এলাকাবাসী উপকৃত হবে।

উত্তর

সর্বত্র হাযির-নাযির থাকা একমাত্র আল্লাহ তা‘আলার ছিফাত। কোন নবী বা ওলী সব জায়গায় হাযির-নাযির হতে পারেন না। আল্লাহ তা‘আলার ছিফাতের সঙ্গে বান্দাকে মিলানো কুফর ও শিরক। এ ধরনের বিশ্বাস দ্বারা ঈমান চলে যায়। হাদীস শরীফে এসেছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দরূদ শরীফ পড়লে ফিরিস্তাদের মাধ্যমে তোমাদের নাম ও গোত্রসহ তা আমার নিকট পৌঁছানো হয়। [নাসাঈ শরীফ ১:১৪৩]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযির-নাযির কুরআন ও হাদীসে এর কোন প্রমাণ নেই। যারা এ রকম বিশ্বাস রাখে, তারা গোমরাহ এবং বিদ’আতী। এটা শুধু হানাফী মাযহাবেরই নয় বরং সকল আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। তাদের পিছনে নামায মাকরূহ তাহরীমী হবে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে দেখুনঃ [(১) শরীয়ত ইয়া জাহালাত ৩৮০ পৃঃ। # মিশকাত শরীফ ১:৮৬২, # জাওয়াহিরুল ফিকহ ১:২১৭, # দারিমী শরীফ ৪১৬, # আহসানুল ফাতাওয়া ১:৩৪৭, # মাহমূদিয়া ১:১৮৮, # কিফায়াতুল মুফতী ১:১৫০]

তবে একথা ঠিক যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কবরে জীবিত আছেন এবং প্রতি সপ্তাহে দুদিন তাঁর সামনে ফিরিশতাদের মাধ্যমে উম্মতের আমল পেশ করা হয়।  [বাযযাযীয়া ৩:৩২৬]

নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাযির-নাযির কি না | ইসলামী যিন্দেগী