টেলিফোন করার নিয়ম

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

শরী‘আতের দৃষ্টিতে টেলিফোন করার নিয়ম কি? বিস্তারিত জানতে ইচ্ছুক।

উত্তর

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবন চলার প্রতিটি ক্ষেত্রের দিক নির্দেশনা দিয়েছে ইসলাম। টেলিফোন আধুনিক যুগের এক অন্যতম যোগাযোগ মাধ্যম। কিন্তু এর যথেচ্ছা ব্যবহার এবং অন্য মানুষকে সময়ে অসময়ে টেলিফোন করে ব্যস্ত ও পেরেশান করা শরী‘আতের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ তাই কিভাবে টেলিফোন ব্যবহার করলে গুনাহের হাত থেকে বাঁচা যাবে। তা নিম্নে দেয়া হলঃ

১। কোন ব্যক্তির কাছে ঘুমানোর সময় বা বিশেষ কোন কাজ যেমন, নামায ইত্যাদিতে লিপ্ত থাকায় ইত্যাদির সময় অথবা গভীর রাত্র তখন একান্ত ঠেকা ছাড়া তার নিকট টেলিফোন করা নাজায়িয। কেননা, এতে তার ঠিক ঐ রকমই কষ্ট অনুভব হয়, যেমন কষ্ট হয় বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করলে।

২। যার সাথে অহরহ ফোনে কথা বলার প্রয়োজন হয়, তার কাছ থেকে জেনে নিবে যে, কোন সময় তার কথা বলতে সুবিধা হবে। পরে সেই হিসেবে টেলিফোন করবে।

৩। অনেক সময় দেখা যায় যে রিং হয়েই চলছে, কিন্তু কেউ রিশিভার উঠাচ্ছে না। এটা একেবারেই অনুচিত এবং মানবতা বিরোধী। কেননা, কেউ যদি আপনার সাথে কথা বলতে চায় তাহলে এটা তার অধিকার। তাই এ অধিকার বাস্তবায়নে আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে। হ্যাঁ, সে মুহূর্তে সময় দেয়া অসম্ভব হলে নিজে বা নিজের লোকের মারফত তা জানিয়ে দেয়া উচিত। [প্রমাণঃ তাফসীরে মা‘আরিফুল কুরআন, ৬ খন্ড #সূরায়ে নূর]

টেলিফোন করার নিয়ম | ইসলামী যিন্দেগী