উলামায়ে কিরামকে মাওলানা বলে সম্বোধন করা
প্রশ্ন
মাওলানা শব্দের অর্থ কি? অনেকে বলেছেন ‘মাওলা’ অর্থ প্রভু। এক্ষেত্রে মাওলানা হলেন স্বয়ং আল্লাহ। কোন মানুষকে মাওলানা বললে শিরক হবে। অথচ আমরা উলামায়ে কেরামকে মাওলানা বলে সম্বোধন করি। এ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত কি?
উত্তর
আরবী অভিধানসমূহে ‘মাওলা’ শব্দের প্রভু অর্থ ছাড়াও আরো অনেক অর্থ রয়েছে। বিখ্যাত সুপ্রাচীন আরবী অভিধান গ্রন্থ ‘আল-কামূস’ এ মাওলা শব্দের একুশটি অর্থ লেখা আছে। যার কয়েকটি নিম্নে প্রদত্ত হলঃ মালিক, গোলাম, গোলাম আযাদকারী, আযাদকৃত গোলাম, সাথী বা বন্ধু, নিকট আত্নীয়, প্রতিবেশী, কোন বিশেষ অঙ্গীকারাবদ্ধ বন্ধু, মেহমান, অংশীদার, অভিভাবক, প্রভু, সাহায্যকারী, পুরুস্কার দাতা, পুরস্কৃত ব্যক্তি, প্রেমিক ও অধীনস্থ। তাছাড়া মনিব ও নেতার অর্থেও ‘মাওলা’ শব্দ প্রচলিত আছে। এগুলোর মধ্যে একমাত্র ‘প্রভু’ ব্যতিরেকে অন্য সকল অর্থেই যে কোন মানুষই ‘মাওলা’ হতে পারে। আর ইসলামী শাস্ত্রে আলেম পণ্ডিত ব্যক্তিদেরকে যে ‘মাওলানা’ বলা হয় তার অভিধানিক অর্থ ‘নেতা’ বা ‘সাহায্যকারী’ বা অভিভাবক। এতে কারো দ্বিমত নেই যে, একমাত্র উলামায়ে কিরামই আমাদের ধর্মীয় নেতা বা আভিভাবক এবং তাঁরাই ধর্মীয় জ্ঞানহীন মানুষদের জন্য ধর্মীয় সকল বিষয়াবলীতে সাহায্যকারী।
অতএব, এ ব্যাখ্যায় পরিষ্কার হয়ে গেলো যে, মাওলানা উপাধি ব্যবহারে কোনরূপ শিরক, কুফর বা গুনাহের আশংকা নেই। উপরন্তু স্বয়ং আল্লাহ তা‘আলাই সূরায়ে তাহরীমে নিজেকে ফিরিশতা ও মুমিনদেরকে রাসূল ﷺ এর মাওলা বলেছেন। এছাড়া রাসূলে আকরাম ﷺ এক হাদীসে সাহাবী হযরত যায়েদ রা.-কে এভাবে সম্বোধন করে বলেছেন, ‘আনতা আখুনা ওয়া মাওলানা’ অর্থ, তুমি আমাদের ভাই ও বন্ধু। (মিশকাত শরীফ, ২৯৩)
তাছাড়া আমাদের নিকটতম পূর্বপুরুষ আকাবিরে দারুল উলূম দেওবন্দের যে জগদ্বিখ্যাত ও বিশ্ববরেণ্য মুহাক্কিক উলামায়ে কিরামের যুগ থেকে আলেমদেরকে ‘মাওলানা’ উপাধিতে ভূষিত করা হয়ে আসছে, তাঁরা এর ধর্মীয় যুক্তি ও ব্যবহারিক বিশুদ্ধতা সম্বন্ধে অবগত হয়েই এর ব্যবহার সমর্থন করেছেন। সুতরাং, এ ব্যাপারে কোনরূপ অযাচিত ও অনর্থক বিতর্ক সৃষ্টির কোনই প্রয়োজন নেই। উলামাদের উপাধির মধ্যে কুফর-শিরক থাকবে-এটা কিভাবে কল্পনা করা যেতে পারে?