একই বৈঠকে তিন তালাকের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমার আব্বা আমার আম্মাকে পারিবারিক দ্বন্দ্ব-কলহের মধ্যে রাগান্বিত অবস্থায় অনেক মানুষের সামনে একই বৈঠকে তিন তালাক দেন। উল্লেখ্য যে আম্মাও তালাক চেয়েছিলেন। আব্বা হানাফী সমাজের মসজিদে ইমামতী করেন। কিন্তু আম্মা-আব্বা উভয়েই এখন বলেন, তালাকের নিয়্যত ছিল না এবং লা-মাজহাবী মৌলভীদের কাছ থেকে শোনা যায় যে, এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয়। তাই ইদ্দতের মাঝখানে বিনা তাহলীলে শুধু তাওবাহ পড়ে তারা সংসার করছেন। আব্বা-আম্মা উভয়েই তালাকের মাসআলা বাদ দিয়ে অন্য সকল ক্ষেত্রে হানাফী মাযহাব অনুসরণ করেন। এমতাবস্থায় আমার জানার বিষয় হচ্ছে,

(১) চার মাযহাবের কোন মাযহাবে বিনা তাহলীলে শুধু তাওবাহ পড়ে নেয়া জায়েয আছে কি-না?

(২) যদি বিনা তাহলীলে তাওবাহ পড়ে ঘর-সংসার করে, তাহালে মুসলমান থাকবে কি-না?

(৩) তার বালেগ সন্তান মাদরাসায় পড়লে তার জন্য এমন মাতা-পিতার সাথে উঠা-বসা এবং তাঁদের থেকে খরচ নিয়ে পড়া যাবে কি-না? অনুগ্রহপূর্বক উত্তর দিয়ে ফিৎনা থেকে বাঁচাবেন।

উত্তর

(১) কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে একই বৈঠকে তিন তালাক দেয় তাহলে উক্ত স্ত্রী তার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়। শর‘ঈ হালালা ব্যতীত উক্ত স্ত্রীকে পুনরায় গ্রহণ করার কোন পন্থা চার মাযহাবের কোন মাযহাবে নেই। এ ব্যাপারে চার মাযহাবের ফাতওয়া একই রকম।

(২) উক্ত ব্যক্তি যদি বিনা তাহলীলে উক্ত তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে তাহলে উক্ত স্বামী-স্ত্রী হারাম ও যিনার মধ্যে লিপ্ত আছে। তাদের উভয়ের দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা ও মেলামেশা সবই যিনা ও হারাম হয়েছে। অবশ্য এ কারণে তারা মুসলমান থেকে খারিজ হবে না। মারাত্মক ফাসিক বলে গণ্য হবে।

(৩) প্রত্যেক মুমিনের জন্য জরুরী তাদের সন্তানদেরকে দীনী শিক্ষা দেয়া। যাতে করে তাদের অন্তরে খোদা ভীতি সৃষ্টি হয়। যেমনিভাবে তাদের তাওহীদ এবং ঈমান শিক্ষা দেয়া জরুরী। সুতরাং যদিও উক্ত ব্যক্তি ফাসিক, এমন লোকের সন্তানরা, যদি মাদরাসায় লেখা-পড়া করে তাহলে তাদের পিতা থেকে লেখা-পড়ার খরচ নেয়া জায়েয হবে। কিন্তু সন্তানদের জন্য উচিত হবে তারা যেন তাদের আব্বা-আম্মাকে বুঝিয়ে বলতে থাকেন যে, আপনারা শর‘ঈ হালালা করার পর বিবাহ দোহরিয়ে নেন। যাতে করে তারা যিনার গুনাহ থেকে বাঁচতে পারেন। [প্রমাণঃ সূরায়ে বাক্বারা ২৩০ # আল-ফিক্বহ আলাল মাযাহিবিল আর বা’আ, ৪:৩৪১ # মিশকাত শরীফ # ফাতওয়ায়ে আলমগীরী, ১:৪৭৩ ও ২:২৭২ # আল-মাবসূত, ৬:৮ # দুররে মুখতার, ৫:৬৮৭]

একই বৈঠকে তিন তালাকের হুকুম | ইসলামী যিন্দেগী