পুস্তকে ছবি ব্যবহার করা
প্রশ্ন
সম্প্রতি জামি‘আ রহমানিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মুফতী মনসুরুল হক সাহেব কর্তৃক সম্পাদিত ‘মিষ্টার মওদূদীর নিউ ইসলাম’ নামক বইটি পড়ার সুযোগ হয়েছে। তবে বইটির শেষে মউদুদী সাহেবের ফটোও রয়েছে। আমার প্রশ্ন হলো, বই-পুস্তকে এভাবে ফটো ব্যবহার করা শরী‘আত সম্মত কি-না? জানিয়ে কৃতার্থ করবেন বলে আশা করি।
উত্তর
এ ব্যাপারে আমরা মুহতারাম মুফতী সাহেব হুযুর দা.বা.- এর সাথে যোগাযোগ করেছি। আপনার প্রশ্নের ব্যাপারে আলোচনা করেছি। যার সারসংক্ষেপ হলো, বইটির লেখক মুফতী মনসুরুল হক সাহেব নন। বরং অন্য একজন আলেম বইটির লেখক। তবে বইটির ব্যাপারে মুফতী সাহেব- এর একটি অভিমত আছে।
আর জানদার প্রানী বা মানুষের ছবি ছাপার ব্যাপারে তিনি বলেছেন যে, শর‘ঈ মজবূরি ব্যতীত কোন প্রানীর ছবি ছাপা নাজায়িয ও হারাম। বইটিতে যে ছবি ছাপা হয়েছে, তা শর‘ঈ মজবূরীর অন্তর্ভুক্ত নয়। তাই এ ব্যাপারে তিনি একমত নন। সুতরাং, যারা এভাবে বইটি ছেপেছে এর দায়-দায়িত্ব তাদের কাঁধে অর্পিত হবে। মুফতী সাহেব হুযুর এভাবে ছবি ছাপাতে কাউকে অনুমতি দেন না বরং কঠোরভাবে নিষেধ করেন। আর উলামায়ে কিরামের দায়িত্ব হচ্ছে হক কথা পৌঁছিয়ে দেয়া।
আর বইটির মূল প্রকাশকের নিকট থেকে জানতে পারলাম, তিনি ছবি ছাড়া প্রকাশ করেছিলেন। তার প্রকাশিত সেই মূল বইতে ছবি নেই। পরবর্তীতে লাইব্রেরীয়ানরা কোত্থেকে যেন ছবি সংগ্রহ করে তার বিনা অনুমতিতে ছবি সংযোজন করে ছাপিয়েছেন।