পায়ের গিরা ঢেখে পোশাক পরিধান করা
প্রশ্ন
(ক) উপর থেকে লুঙ্গি, পায়জামা, প্যান্ট এবং নীচ থেকে মোজার দ্বারা পায়ের টাখনু ঢাকা নাজায়েয। এই বাক্যটি কি শরী‘আত সম্মত? (বাংলাদেশের মানুষ যে সকল মোজা পরিধান করে তাতে পায়ের গিরা ঢেকে যায়। এভাবে গিরা ঢাকলেও কি গুনাহ হবে?
উত্তর
সর্বাবস্থাতেই লুঙ্গি, পায়জামা, সেলোয়ার, প্যান্ট জুব্বা, আবা-কাবা ইত্যাদি উপরের দিক থেকে টাখনুর নীচে ঝুলিয়ে পরা হারাম। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন- “কিয়ামতের দিবসে আল্লাহতা‘আলা ঐ ব্যক্তির প্রতি (রহমতের) নজর করবেন না, যে লুঙ্গি বা কোন কাপড় টাখনুর নীচে পরিধান করে”। তবে মোজা দ্বারা পায়ের টাখনু ঢাকা নাজায়েয, এ কথা ঠিক নয় বা শরী‘আতসম্মত নয়। কারণ, হাদীস শরীফে আছে যে, স্বয়ং রাসূলুল্লাহ ﷺ মোজা পরিধান করেছেন। আর সে মোজা অবশ্যই টাখনু আবৃত করে নিত। এ কারণে, এমন মোজা ও জুতা পরিধান করা, যা দ্বারা নীচের দিক থেকে টাখনু ঢেকে যায়, তা সর্বসম্মতিক্রমে জায়েয। এতে কারো কোন দ্বিমত নেই। সুতরাং, এ নিয়ে কোনরূপ বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না। বরং, দ্বীনের মধ্যে নতুন হুকুম আবিষ্কার বলে গণ্য হবে। (প্রমাণঃ বুখারী শরীফ-২:৮৬১-৮৬৩, আবু দাউদ শরীফ-২:৫৬৬, ইবনে মাজাহ শরীফ-২৫৫, ইমদাদুল ফাতাওয়া-৪:১২২)