কলবের জং পরিষ্কার করার উপায়
প্রশ্ন
দীর্ঘদিন যাবৎ নানা অন্যায়-অত্যাচার ও পাপাচারের ফলে কলব-আত্নায় যে জং, কালিমা পরে, তা থেকে পরিত্রান পেয়ে আল্লাহর রিজামন্দী অর্জনের পন্থা কি?
উত্তর
হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ.-এর লিখিত কসদুস সাবীল-যার বাংলা অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.। এ কিতাবটি গভীরভাবে পাঠ করুন এবং তার মধ্যে হক্কানী বুযুর্গের যে পরিচয় দেয়া হয়েছে, তার ভিত্তিতে কোন বুযুর্গের সাথে সম্পর্ক স্থাপন করুন। অন্ততঃ তাবলীগী জামা’আতের সাথে কিছু দিন সময় লাগান। ইনশাআল্লাহ তাতেই বেশ সফলকাম হওয়া যাবে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, শুধু দ্বীনী কিতাব পড়ার দ্বারা ইলম আসে সত্য, তবে অনেক ক্ষেত্রে সে ইলমের উপর পরিপূর্নরূপে আমল করা সম্ভব হয় না। কিন্তু হক্কানী উলামা ও বুযুর্গদের সুহবত দ্বারা ইলম ও আমল উভয়টা সহজভাবে হাসিল হয়ে যায়।
কোন বুযুর্গ নির্বাচন করতে গিয়ে বেশী খেয়াল রাখবেন যে, টাকা-পয়সার লেনদেন বা এ ব্যাপারে লোভী কি না? এবং তার দরবারে মেয়েদের বেপর্দা যাতায়াত আছে কি না? এ দুই জিনিষ থাকলে, কখনও সে ব্যক্তি হক্কানী বুযুর্গ হতে পারে না। এবং সে ব্যক্তি নিশ্চয় দুনিয়াদার, পীরগীরী তার ব্যবসা মাত্র। তার দ্বারা কেউ কখনও আল্লাহকে পাবে না। আল্লাহকে পাওয়ার একমাত্র রাস্তা প্রত্যেক কাজে নবী ﷺ- এর দ্বীন ও সুন্নাতের পূর্ন অনুসরণ এবং গুনাহ ছেড়ে দেয়া। তাই হক্কানী বুযুর্গের পরামর্শমত রিয়াজত-মুজাহাদা করে পূর্নরূপে দ্বীনদারী গ্রহণ করলে অতীতের গুনাহ থেকে পরিত্রাণ লাভ করবে, দিলের জং দূর হবে এবং আমল-আখলাক সুন্দর হয়ে মহান আল্লাহর রিজামন্দী হাসিল হবে।