মকতবের জায়গায় মসজিদ তৈরি
প্রশ্ন
আমাদের এলাকায় একটি মসজিদে তাবলীগ জামা‘আত আসার কারণে তাবলীগ বিরোধী লোকজন এই মসজিদ ছেড়ে ৬০/৭০ হাত দূরত্বে একটি মকতবে গিয়ে নামায পড়ে। সেই জায়গাটি মকতবের নামে ওয়াকফকৃত। তার মকতবের জায়গায় মসজিদ বানাতে চায়।
প্রশ্ন হলোঃ (ক) মসজিদ কাছে থাকা অবস্থায় মকতবে নামায শুদ্ধ হবে কি-না?
(খ) জামে মসজিদ থাকাবস্থায় ৬০/৭০ হাত দূরে দ্বিতীয় আরেকটি মসজিদ বানানো ঠিক হবে কি?
(গ) মকতবের নামে ওয়াকফকৃত জায়গায় মসজিদ বানানো ঠিক হবে কি?
উত্তর
দ্বীনে ইসলামের দাওয়াত ও তাবলীগ উম্মদে মুহাম্মদিয়ার বিশেষ জিম্মাদারী। সুতরাং কোন মুসলমান দাওয়াত ও তাবলীগের বিরোধী হতে পারে না এবং কোন মুসলমানকে এ ধরণের মনে করা ঠিক নয়। হতে পারে কোন ব্যক্তির বা কারোর কোন কাজের ব্যাপারে তাদের আপত্তি আছে বা এ জবরদস্ত মেহনতটিকে তারা কাছে থেকে দেখার সুযোগ পায়নি। সেজন্য হয়ত বুজতে পারে না। তাই তাদেরকে দোস্ত মনে করুন এবং মেহনতের সাথে জরিত থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ, সব সমস্যা সমাধান হয়ে যাবে।
প্রশ্নে বর্ণিত সুরতে যদিও তাদের নামায সহীহ হচ্ছে, কিন্তু অনুরূপ বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে নিজেদের গর্ব ও গোড়ামীর কারণে মসজিদের এতো সন্নিকটে দ্বিতীয় আরেকটি মসজিদে জামা‘আত চালু করা বা নতুন করে মসজিদ বানানোর চেষ্টা করা জায়িয হবে না। কারণ, এতে পুরাতন মসজিদের মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে এবং মুসলমানদের মধ্যে ঝগড়া-ফাসাদ ও দালাদলি সৃষ্টি হতে পারে। অথচ এসব কাজ নাজায়িয ও হারাম। সুতরাং তাদের তাওবা করে ফিরে আসা কর্তব্য।
প্রশ্ন বর্ণিত মকতবের জন্য ওয়াকফকৃত জায়গায় দ্বিতীয় মসজিদ বানানো জায়িয হবে। [প্রমাণঃ তাফসিরাতে আহমাদিয়া ৩১২; দুররুল মুখতার ৪:৪৩৩; কাওয়ায়িদুল ফিক্হ, ৮৫; ফাতাওয়া মাহমূদিয়া ১০:১৬৬; ফাতাওয়া আব্দুল হাই ১:১৭৩-১৭৪; ইমদাদুল ফাতাওয়া ২:৬৬৯-৬৭০; ফাতাওয়া রাহীমিয়া ১:২৫২]